Facebook Twitter Instagram YouTube

সৌদির কোরআন প্রতিযোগিতায় বিশ্বসেরা বাংলাদেশের হাফেজ নুরুদ্দিন জাকারিয়া


প্রকাশের সময় : আগস্ট ২১, ২০২৬, ৩:৩১ অপরাহ্ণ /
সৌদির কোরআন প্রতিযোগিতায় বিশ্বসেরা বাংলাদেশের হাফেজ নুরুদ্দিন জাকারিয়া

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন হিফজ, তিলাওয়াত ও তাফসির প্রতিযোগিতায় শীর্ষস্থান অর্জন করে বাংলাদেশের জন্য গৌরব বয়ে এনেছেন তরুণ হাফেজ নুরুদ্দিন জাকারিয়া। বিশ্বের ১৩৩টি দেশের মোট ৩৩৪ জন প্রতিযোগীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি প্রতিযোগিতার চতুর্থ শাখায় শ্রেষ্ঠত্ব প্রমাণ করেন।

ঢাকার আর রায়হান ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষার্থী নুরুদ্দিন জাকারিয়া এই বিভাগে টানা ১৫ পারা কোরআন হিফজের পাশাপাশি তাজবিদ ও শুদ্ধ তিলাওয়াতের পরীক্ষায় নিজের দক্ষতা প্রদর্শন করেন। প্রতিযোগিতার প্রতিটি ধাপ সাফল্যের সঙ্গে অতিক্রম করে তিনি প্রথম স্থান নিশ্চিত করেন।

সৌদি আরবের ইসলামবিষয়ক, দাওয়াহ ও দিকনির্দেশনা মন্ত্রণালয়ের আয়োজনে এবারের এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় পাঁচটি পৃথক শাখা ছিল। আন্তর্জাতিক বিচারক প্যানেল প্রতিযোগীদের হিফজ, তিলাওয়াত, তাজবিদ ও সংশ্লিষ্ট বিষয়ে তাদের পারদর্শিতা মূল্যায়ন করেন। উল্লেখ্য, এই প্রতিযোগিতার মোট পুরস্কারমূল্য ১ কোটি ২৬ লাখ সৌদি রিয়াল।

নিজের সাফল্যের বিষয়ে এক সাক্ষাৎকারে হাফেজ জাকারিয়া জানান, পবিত্র কোরআনই তাকে একটি ছোট গ্রাম থেকে বিশ্বমঞ্চে মক্কা নগরীতে নিয়ে এসেছে। মসজিদুল হারামে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে অংশ নেওয়াকে তিনি জীবনের অন্যতম স্মরণীয় অর্জন ও বড় সম্মান হিসেবে উল্লেখ করেছেন। তার এই সাফল্যে দেশের কোরআন শিক্ষা ও হিফজ অঙ্গনে নতুন করে অনুপ্রেরণা সৃষ্টি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din