
আগামী ১৬ জুলাই ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুপক্ষীয় আঞ্চলিক জোট বিমসটেকের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার্স (এনএসএ) বৈঠক। এই গুরুত্বপূর্ণ বৈঠকে বাংলাদেশ অংশগ্রহণ করবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে নিশ্চিত করা হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামসুল ইসলাম এই বৈঠকে প্রতিনিধিত্ব করবেন। বিষয়টি ইতিমধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ভারত সরকারকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে।
বর্তমানে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছে বাংলাদেশ। এই প্রাতিষ্ঠানিক দায়বদ্ধতার কারণেই ঢাকা এই বৈঠকে অংশ নিচ্ছে। তবে দিল্লির এই সফরকে কেন্দ্র করে বিশেষ সতর্ক অবস্থানে রয়েছে বাংলাদেশ। কূটনৈতিক সূত্র বলছে, সাম্প্রতিক সময়ে ভারতের সাথে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে এই সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে কিছুদিন আগে প্রধানমন্ত্রী আরেক উপদেষ্টা ড. জাহেদ উর রহমানের সঙ্গে দিল্লি বিমানবন্দরে যে অসৌজন্যমূলক আচরণের ঘটনা ঘটেছিল, তা দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে একটি বড় অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। ওই ঘটনায় ভারতের দেওয়া ব্যাখ্যায় ঢাকা সন্তুষ্ট হতে পারেনি এবং তা আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যানও করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্যমতে, এই সফর কেবল একটি আঞ্চলিক বৈঠকে অংশগ্রহণের মধ্যে সীমাবদ্ধ নয়। ব্রিগেডিয়ার শামসুল ইসলামের সফরকালে ভারতের পক্ষ থেকে আন্তর্জাতিক কূটনৈতিক রীতি ও রাষ্ট্রাচার যথাযথভাবে পালন করা হচ্ছে কি না, তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে বাংলাদেশ। দিল্লির প্রতিটি পদক্ষেপ ভবিষ্যতে দুই দেশের উচ্চপর্যায়ের সফর ও আনুষ্ঠানিক কূটনৈতিক বিনিময়ের ক্ষেত্রে একটি বড় বিবেচ্য বিষয় হিসেবে বিবেচিত হবে।
আপনার মতামত লিখুন :