Facebook Twitter Instagram YouTube

তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক


প্রকাশের সময় : সেপ্টেম্বর ৩, ২০২৬, ৪:৩১ অপরাহ্ণ /
তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক

দেশের তৃণমূল পর্যায়ে নতুন কর্মসংস্থান সৃষ্টি ও সফল ক্ষুদ্র উদ্যোক্তা তৈরির লক্ষ্যে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর আওতায় উপজেলা পর্যায় থেকে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের খুঁজে বের করে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করা হবে। এই অর্থায়ন প্যাকেজের অর্ধেক অর্থাৎ ১০ লাখ টাকা দেওয়া হবে ব্যাংক ঋণ হিসেবে এবং বাকি অর্ধেক থাকবে অনুদান।

গত বৃহস্পতিবার (৩ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির বিস্তারিত তুলে ধরা হয়। বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট এই কর্মসূচিটি বাস্তবায়ন করবে। আগামী ১৬ সেপ্টেম্বর এই সংক্রান্ত বিস্তারিত নির্দেশনাসহ একটি সার্কুলার জারি করা হবে, যার পর থেকে এক মাস পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে।

তফসিলি ব্যাংকগুলো তাদের নিজস্ব শাখা নেটওয়ার্ক ব্যবহার করে স্ব-স্ব উপজেলার সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের চিহ্নিত করবে। এরপর তাদের ব্যবসায়িক ধারণা ও প্রকৃত অর্থের চাহিদা যাচাই করে এই অর্থায়ন করা হবে। গ্রাহক পর্যায়ে এই ঋণের জন্য কোনো সহায়ক জামানতের প্রয়োজন হবে না এবং সুদের বা মুনাফার হার হবে সর্বোচ্চ ৪ থেকে ৫ শতাংশ।

এই কর্মসূচিতে আবেদনের জন্য আবেদনকারীকে বাংলাদেশের প্রাপ্তবয়স্ক নাগরিক হতে হবে। আবেদনের শেষ তারিখে বয়স হতে হবে সর্বোচ্চ ২৮ বছর এবং সংশ্লিষ্ট উপজেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। আগে থেকে ব্যবসা পরিচালনার অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক না হলেও আবেদনকারীর একটি বাস্তবসম্মত ব্যবসায়িক পরিকল্পনা থাকতে হবে। সম্পূর্ণ বিনামূল্যে নির্ধারিত ফরমে যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় আবেদন করা যাবে। কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ, হস্তশিল্প, মৎস্য, পশুপালন, পর্যটন, সেবা এবং প্রযুক্তিভিত্তিকসহ সব ধরনের বৈধ উদ্যোগ এই কর্মসূচির আওতাভুক্ত হবে।

প্রাথমিকভাবে দেশের আটটি বিভাগের আটটি জেলায় এই কর্মসূচি শুরু হতে যাচ্ছে। জেলাগুলো হলো—মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোনা। এসব জেলার মোট ৬৪টি উপজেলার প্রতিটিতে ১০ জন করে মোট ৬৪০ জন তরুণ উদ্যোক্তাকে প্রথম পর্যায়ে নির্বাচিত করা হবে। পরবর্তীতে এই কর্মসূচি দেশের অন্যান্য জেলাতেও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে, যার মাধ্যমে প্রতি বছর প্রায় ৫ হাজার তরুণ উদ্যোক্তাকে অর্থায়ন ও সহায়তা দেওয়া হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নির্বাচিত উদ্যোক্তাদের শুধু অর্থায়নই করা হবে না, বরং তাদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ, অভিজ্ঞ মেন্টরের পরামর্শ, ব্যবসা নিবন্ধন, ব্যবসায়িক পরিকল্পনা তৈরি এবং বাজার সংযোগের সুযোগও দেওয়া হবে। এর মাধ্যমে স্থানীয় তরুণরা দেশের অর্থনৈতিক উন্নয়নে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor