
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৭: ০০
ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের ঘোষিত লংমার্চ সফল করতে রাজধানীর বেশ কয়েকটি এলাকায় প্রচারপত্র বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বে কারওয়ানবাজার, তেজগাঁও ট্রাক স্ট্যান্ড ও সাতরাস্তা এলাকায় এই গণসংযোগ ও প্রচারপত্র বিলি করা হয়। এ সময় ব্যবসায়ী, শ্রমিক ও পথচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে লংমার্চের কর্মসূচি ও এর পেছনের ছয় দফা দাবি তুলে ধরা হয়।
লংমার্চের ছয়টি দাবির মধ্যে রয়েছে— গণভোটের গণরায় বাস্তবায়ন করা, জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করা, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সারের সংকট দূর করা, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামের ঊর্ধ্বগতি ঠেকানো, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধ করা।
প্রচারপত্র বিতরণকালে ড. মুহাম্মদ রেজাউল করিম বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর জনগণের কাছে কিছু অগ্রাধিকারমূলক প্রতিশ্রুতি দিয়েছিল। এর মধ্যে বিদ্যুৎ ও গ্যাস সহজলভ্য ও সাশ্রয়ী করা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির কথা বলা হয়েছিল। তবে এসব ক্ষেত্রে সরকার এখনো কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারেনি।
জামায়াতের এই নেতা আরও স্পষ্ট করেন যে, এই লংমার্চ কোনো একক দলের কর্মসূচি নয়, বরং এটি দেশের মানুষের গণরায় বাস্তবায়নের দাবিতে আয়োজিত একটি কর্মসূচি। এই লক্ষ্য নিয়েই তারা জনগণের দ্বারে দ্বারে যাচ্ছেন। আগামী শনিবার সকাল ৭টায় ঢাকার মতিঝিল শাপলা চত্বর থেকে চট্টগ্রাম অভিমুখে এই লংমার্চ শুরু হবে। তিনি সর্বস্তরের জনগণকে স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান।
গণসংযোগের সময় উপস্থিত ছিলেন জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার, তেজগাঁও দক্ষিণ থানার আমির ইঞ্জিনিয়ার নোমান আহমেদ, সেক্রেটারি ফরিদ আহমেদ রুবেল, শিল্পাঞ্চল থানার আমির কলিম উল্লাহ, নায়েবে আমির মোহাম্মদ উল্লাহ ভূঁইয়া হারুন, সেক্রেটারি নুর উদ্দিন জাহিদ এবং শ্রমিক নেতা কামাল উদ্দিন রায়হান, আব্দুল হক ও আলী আকবরসহ স্থানীয় নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :