
মোবাইলে ‘সফটওয়্যার আপডেট করুন’ এমন প্রলোভন দেখিয়ে ফিশিং লিংকের মাধ্যমে ব্যাংক হিসাব থেকে ৯ লাখ টাকা হাতিয়ে নেওয়া আন্তর্জাতিক সাইবার অপরাধী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বুধবার (২ সেপ্টেম্বর) রাতে রংপুরের বিভিন্ন এলাকায় সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো. ছুফি উল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন—নীলফামারীর বাসিন্দা শাহীদ আল ইমরান সৌরভ (৩৬) এবং রংপুরের মো. সাগর হোসেন (২৮)।
তদন্তকারী সংস্থাটি জানায়, গত ২ জুন এক ভুক্তভোগীর মোবাইল ফোনে সফটওয়্যার আপডেটের নামে একটি ভুয়া বার্তা পাঠানো হয়। বার্তার লিংকে ক্লিক করার সাথে সাথে তার ফোনের নিয়ন্ত্রণ চলে যায় এবং ডিভাইসটি লক হয়ে যায়। পরে ফোন সচল হলে তিনি দেখতে পান, ডিজিটাল বিভিন্ন মাধ্যমে তার ব্যাংক হিসাব থেকে ধাপে ধাপে মোট ৯ লাখ ৮৬ টাকা চুরি হয়ে গেছে। এ ঘটনায় রাজধানীর পল্টন থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করা হলে সিআইডি প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে আসামিদের অবস্থান শনাক্ত করে।
অভিযানকালে তাদের কাছ থেকে তিনটি ব্যাংকের চেক বই, একটি ভিসা প্লাটিনাম কার্ড, একটি ভিসা ডেবিট কার্ড এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাগর হোসেন জানান, তারা ফেসবুক ও টেলিগ্রামের মাধ্যমে একটি আন্তর্জাতিক সাইবার অপরাধী চক্রের সাথে যুক্ত। সাধারণ মানুষের মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নিয়ে হাতিয়ে নেওয়া অর্থ তারা বিদেশে অবস্থানরত মূল চক্রের সদস্যদের কাছে পাঠিয়ে দিতেন এবং বিনিময়ে কমিশন গ্রহণ করতেন। সিআইডি জানিয়েছে, এই চক্রের সাথে জড়িত অন্য দেশি-বিদেশি সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের প্রক্রিয়া চলমান রয়েছে।
ডিজিটাল সেবা গ্রহণকারীদের সতর্ক করে সিআইডি জানিয়েছে, অপরিচিত নম্বর থেকে আসা সফটওয়্যার আপডেট, লটারি, চাকরি কিংবা ব্যাংকিং অফারসংক্রান্ত সন্দেহজনক লিংকে ক্লিক করা থেকে সবাইকে বিরত থাকতে হবে। এছাড়া মোবাইল ফোন অস্বাভাবিক আচরণ করলে দ্রুত সংশ্লিষ্ট ব্যাংক ও আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :