Facebook Twitter Instagram YouTube

দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে : প্রধানমন্ত্রী


প্রকাশের সময় : সেপ্টেম্বর ৩, ২০২৬, ৩:০১ অপরাহ্ণ /
দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে : প্রধানমন্ত্রী

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আজ বৃহস্পতিবার সকালে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ নানাভাবে গুজব ছড়াচ্ছে। তিনি সবাইকে এ বিষয়ে সাবধান থাকার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে ধর্মীয় সম্প্রীতি ও সহিষ্ণুতা নষ্ট করার জন্য উসকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে। তিনি সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি হিসেবে পরিচয় দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, আমাদের সবার গর্বিত পরিচয়—আমরা সবাই বাংলাদেশি।

প্রধানমন্ত্রী আরও বলেন, এই দেশ আমাদের সবার এবং নাগরিক হিসেবে এ দেশে সবার অধিকার সমান। নিজ নিজ ধর্মীয় বিশ্বাস ও সংস্কৃতি অনুযায়ী জীবন পরিচালনা করা প্রত্যেক নাগরিকের সাংবিধানিক মৌলিক অধিকার। বর্তমান সরকার ও বিএনপি ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—এই নীতিতে বিশ্বাসী। একইসঙ্গে তিনি উল্লেখ করেন, ধর্ম যার যার হলেও নিরাপত্তা পাওয়ার অধিকার সবার সমান।

অনুষ্ঠানের আগে সকাল ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে তিনি পুরোহিত ও সেবায়েতদের মধ্যে সম্মানী প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে ৯ জন সেবায়েত ও পুরোহিতের হাতে ভাতা তুলে দেন। এছাড়া সারাদেশে আরও ৬৪ জন সেবায়েত ও পুরোহিতকে এই ভাতা প্রদান করা হয়।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din