
জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত পাঠানোর আহ্বান জানিয়ে ভারত সরকারের কাছে চিঠি পাঠিয়েছে ঢাকা। সোমবার দুপুরে রাজধানীর রমনায় বিস মিলনায়তনে এক সেমিনার শেষে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
প্রতিমন্ত্রী জানান, দিল্লিকে পাঠানো সাম্প্রতিক এই চিঠিতে আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের কপিও সংযুক্ত করা হয়েছে। তিনি বলেন, 'আসাদুজ্জামান খানের বিরুদ্ধে বাংলাদেশের আইনে বিচার চলছে। তিনি যেহেতু পলাতক আসামি, তাকে ফিরিয়ে আনার জন্য যে চিঠি দেওয়া প্রয়োজন, সেটাই আমরা দিয়েছি।'
শামা ওবায়েদ আরও উল্লেখ করেন, কূটনৈতিক নীতিমালা, প্রটোকল এবং বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি (এক্সট্রাডিশন ট্রিটি) অনুযায়ী আসাদুজ্জামান খানকে দেশে ফিরিয়ে এনে বিচার সম্পন্ন করা হবে। তিনি বলেন, ঠিক যেভাবে শেখ হাসিনাসহ অন্যান্য আসামিদের বিচারের আওতায় আনা হবে, সেভাবেই এই প্রক্রিয়াটি সম্পন্ন হবে। এর আগে ২০২৫ সালের নভেম্বরেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়ে দিল্লিকে চিঠি দিয়েছিল বাংলাদেশ। মূলত ভারতে আশ্রয় নেওয়া পলাতকদের ফেরত চেয়ে ভিন্ন ভিন্ন চিঠি পাঠানো হয়েছে বলে প্রতিমন্ত্রী জানান।
আপনার মতামত লিখুন :