
দুবাই, সংযুক্ত আরব আমিরাত, মিশর ও সুয়েজ ক্যানেলসহ বিশ্বের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মেরিটাইম হাবগুলোতে ভিসা, ট্রানজিট, ক্রু-চেঞ্জ, শিপ-জয়েনিং ও সাইন-অফ সংক্রান্ত নানা জটিলতায় বাংলাদেশি নাবিকরা তাদের চাকরি হারাচ্ছেন। এই সংকট নিরসনে সরকারের প্রতি জরুরি কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ মার্চেন্ট শিপিং ফেডারেশন। শনিবার (৩ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফেডারেশনের পক্ষ থেকে এই দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উত্থাপন করেন বাংলাদেশ মার্চেন্ট শিপিং ফেডারেশনের চেয়ারম্যান ও প্রধান প্রকৌশলী মাসুদ রানা। এতে উপস্থিত ছিলেন গণফোরামের সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, রিলায়েন্স শিপিং সার্ভিসের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যাপ্টেন মোহাম্মদ আবুল খায়ের, ইউনিকর্ন শিপিং সার্ভিসের নির্বাহী পরিচালক ক্যাপ্টেন সৈয়দ আমির হোসেন, মার্চেন্ট শিপিং ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট ক্যাপ্টেন আবু মোহাম্মদ সালেহ, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মইন আহমেদ এবং এরিসটোক্রাট মার্চেন্ট মেরিন সার্ভিস লিমিটেডের ডিজিএম সুমন সিকদার।
লিখিত বক্তব্যে জানানো হয়, বর্তমানে বিশ্বের বিভিন্ন পতাকাবাহী জাহাজে প্রায় ১৬ হাজার বাংলাদেশি নাবিক কর্মরত রয়েছেন, যারা প্রতি বছর প্রায় ৬০ থেকে ৬৭ কোটি মার্কিন ডলার বা সাড়ে ৭ হাজার কোটি টাকার বেশি বৈদেশিক মুদ্রা আয় করেন। তবে সম্প্রতি ইউনাইটেড আরব আমিরাতে প্রবেশ, ট্রানজিট ও ক্রু চেঞ্জ অনুমোদন এবং মিশরের ভিসা প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতার কারণে নাবিকরা চরম ভোগান্তিতে পড়েছেন। এছাড়া পোর্ট সাঈদ ও সুয়েজ ক্যানেল অঞ্চলে সাইন-অন ও সাইন-অফের ক্ষেত্রে বিভিন্ন প্রশাসনিক প্রতিবন্ধকতা তৈরি হয়েছে।
সংবাদ সম্মেলনে বক্তারা উল্লেখ করেন, ভিসা সময়মতো অনুমোদন না পাওয়ায় নিশ্চিত নিয়োগ থাকা সত্ত্বেও শত শত নাবিক জাহাজে যোগ দিতে পারছেন না। এর ফলে বাংলাদেশ বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা হারানোর পাশাপাশি আন্তর্জাতিক বাজারে নিজের অবস্থান হারাচ্ছে। বাংলাদেশি ক্রু এবং মেরিন অফিসার-ইঞ্জিনিয়ারদের জায়গায় ভারত ও ফিলিপাইনের নাবিকরা নিয়োগ পাচ্ছেন।
এই পরিস্থিতি মোকাবিলায় গুরুত্বপূর্ণ মেরিটাইম দেশগুলোতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও কনস্যুলেটে মেরিটাইম কাউন্সিলর নিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে। বক্তারা বলেন, তারা কোনো দেশের অভিবাসন নীতির প্রতি অসম্মান প্রদর্শন করতে চান না, বরং পারস্পরিক সহযোগিতা ও কার্যকর কূটনৈতিক সমাধানের মাধ্যমে নাবিকদের জন্য একটি নির্ভরযোগ্য ভিসা ও ক্রু পরিবর্তন ব্যবস্থা নিশ্চিত করতে চান।
আপনার মতামত লিখুন :