
ইরানের সঙ্গে নতুন করে সৃষ্ট উত্তেজনার আবহে হরমুজ প্রণালির বর্তমান পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ওভাল অফিসে সাংবাদিকদের তিনি দাবি করেন, গুরুত্বপূর্ণ এই জ্বালানি পরিবহন পথটির অবস্থা অত্যন্ত ভালো। ট্রাম্প বলেন, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ এখন যুক্তরাষ্ট্রের হাতে এবং এটি বর্তমানে খুব ভালো অবস্থায় রয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট জানান, গত রাতেও এই প্রণালি দিয়ে প্রচুর সংখ্যক জাহাজ চলাচল করেছে। তিনি দাবি করেন, মার্কিন নৌবাহিনীর সহায়তায় প্রতিদিন রাতে গড়ে ৩০টি জাহাজ এই পথ দিয়ে বিশ্ববাজারে বিপুল পরিমাণ তেল নিয়ে যাচ্ছে। এই নিরবচ্ছিন্ন চলাচলের কারণেই বিশ্ববাজারে তেলের দাম আশঙ্কাজনক হারে বাড়েনি বলে তিনি মন্তব্য করেন।
ইরানের অর্থনৈতিক পরিস্থিতির কঠোর সমালোচনা করে দেশটির নেতৃত্বকে ট্রাম্প 'ব্যর্থ রাষ্ট্র' হিসেবে অভিহিত করেন। তিনি দাবি করেন, ইরানে মূল্যস্ফীতি ৩৫০ শতাংশে পৌঁছেছে এবং দেশটির কার্যকর কোনো মুদ্রা নেই। এছাড়া ইরানি সেনাদের বেতন পরিশোধেও সমস্যা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
ট্রাম্প আরও দাবি করেন, ইরানের শীর্ষ নেতাদের একটি বড় অংশ ইতিমধ্যে নিহত হয়েছেন এবং দেশটির নৌ ও বিমানবাহিনী কার্যত ধ্বংসের মুখে। তিনি আরও দাবি করেন, ইরানের নজরদারি ব্যবস্থা প্রায় পুরোটাই অচল হয়ে পড়েছে। ইরানের বর্তমান নেতৃত্ব সম্পর্কে অনিশ্চয়তা প্রকাশ করে ট্রাম্প বলেন, তারা নিজেরাই জানে না তাদের আসল নেতা কে।
তবে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেননি মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, এর মানে এই নয় যে যুক্তরাষ্ট্র ইরানকে আঘাত করবে না। পরিস্থিতি কোন দিকে যায়, তা পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানান ট্রাম্প।
আপনার মতামত লিখুন :