
সাবেক তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গত শনিবার (২২ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে জহির উদ্দিন স্বপন পূর্ণ মন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা এবং আনুষঙ্গিক সমস্ত সরকারি সুযোগ-সুবিধা ভোগ করবেন।
এর আগে পৃথক এক প্রজ্ঞাপনে জানানো হয় যে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে দেওয়া তাঁর পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন। জহির উদ্দিন স্বপনের স্থলাভিষিক্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ, যিনি নতুন বিন্যাসে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।
উল্লেখ্য যে, বর্তমান সরকার গঠনের ছয় মাস পূর্ণ হওয়ার পর গত শুক্রবার (২১ আগস্ট) মন্ত্রিসভার সম্প্রসারণ করা হয়। এদিন নতুন চারজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রী শপথ গ্রহণ করেন। একই রাতে উপদেষ্টাদের দপ্তর পুনর্বণ্টন করা হয়। জহির উদ্দিন স্বপনের এই নতুন নিয়োগের ফলে বর্তমানে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টার সংখ্যা দাঁড়িয়েছে ১০ জনে।
বর্তমানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন মির্জা আব্বাস উদ্দিন আহমেদ (মির্জা আব্বাস), নজরুল ইসলাম খান ও মো. রুহুল কবির রিজভী। এছাড়া নজরুল ইসলাম খান কৃষি এবং মো. রুহুল কবির রিজভী শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বও সামলাচ্ছেন।
আপনার মতামত লিখুন :