Facebook Twitter Instagram YouTube

ওড়িশা উপকূলে ২৪ নাবিক নিয়ে পানামার কার্গো জাহাজডুবি


প্রকাশের সময় : আগস্ট ২৩, ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ণ /
ওড়িশা উপকূলে ২৪ নাবিক নিয়ে পানামার কার্গো জাহাজডুবি

ভারতের ওড়িশা উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে একটি কার্গো জাহাজ ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। পানামার পতাকাবাহী জাহাজটির নাম ‘এমভি ওশান-উইনার’। গত ২০ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে জাহাজটি ওড়িশার পারাদ্বীপ বন্দর থেকে ১ হাজার ৭০০ টন লৌহ আকরিক নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়েছিল।

জাহাজটিতে মোট ২৪ জন নাবিক ছিলেন। এদের মধ্যে ২০ জন চীনের, ৩ জন মিয়ানমারের এবং একজন বাংলাদেশের নাগরিক। শনিবার সকাল ১১টা ৪৮ মিনিটে শ্রী বিজয়পুরমের মেরিটাইম রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টার জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি জানতে পারে। জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান ভিক্টরি স্টার গ্রুপ কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার তথ্য নিশ্চিত করে উদ্ধার অভিযানে সহায়তার অনুরোধ জানায়।

এই ঘটনার পর ভারতীয় কোস্ট গার্ড ও নৌবাহিনী যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। অভিযানে কোস্ট গার্ডের ‘বরদ’ ও ‘অনমোল’ নামের দুটি জাহাজ এবং শ্রী বিজয়পুরম থেকে ‘বিজিত’ নামের আরও একটি জাহাজ পাঠানো হয়েছে। কোস্ট গার্ড জানিয়েছে, এখন পর্যন্ত লাইফ র‍্যাফট থেকে দুজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এছাড়া দুর্ঘটনাস্থলের কাছাকাছি থাকা অন্যান্য জাহাজকেও সতর্ক করা হয়েছে এবং উদ্ধারকাজে সহায়তার অনুরোধ জানানো হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor