Facebook Twitter Instagram YouTube

গ্রিসে বারবিকিউ থেকে দাবানল: ইসরায়েলি পর্যটক গ্রেপ্তার


প্রকাশের সময় : আগস্ট ২৩, ২০২৬, ৯:৩০ পূর্বাহ্ণ /
গ্রিসে বারবিকিউ থেকে দাবানল: ইসরায়েলি পর্যটক গ্রেপ্তার

গ্রিসের ক্রিট দ্বীপে নিষেধাজ্ঞা অমান্য করে বারবিকিউ জ্বালানোর ফলে দাবানল ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক ইসরায়েলি নাগরিককে আটক করেছে স্থানীয় পুলিশ। ঘটনার পর শনিবার ৩৫ বছর বয়সী ওই ইসরায়েলি পর্যটককে হেফাজতে নেওয়া হয়। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, তাকে রোববার রেথিমনোর আদালতে হাজির করার কথা রয়েছে।

ঘটনার সূত্রপাত হয় শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় পর্যটন শহর প্লাকিয়াসের কাছে দক্ষিণ রেথিমনোর সেলিয়া গ্রাম এলাকায়। গ্রিক ফায়ার সার্ভিসের অগ্নিসংযোগ তদন্ত ইউনিটের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, ওই ইসরায়েলি পর্যটকরা একটি ভাড়া করা ভিলায় অবস্থান করছিলেন। ভিলার আঙিনা থেকেই আগুনের সূত্রপাত হয়।

কর্তৃপক্ষের কঠোর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ভিলায় বারবিকিউ জ্বালানো হয়েছিল। বারবিকিউ থেকে আগুনের স্ফুলিঙ্গ বাতাসে উড়ে গিয়ে শুকনো গাছপালাতে পড়লে দ্রুত তা আশপাশের খোলা এলাকায় ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট, পানি বহনকারী ট্যাংকার, হেলিকপ্টার ও স্থানীয় স্বেচ্ছাসেবকেরা সম্মিলিতভাবে প্রায় চার ঘণ্টা কাজ করেন।

গ্রিসে বর্তমানে ভয়াবহ দাবানল পরিস্থিতি বিরাজ করছে। এর আগে রেথিমনো এলাকায় বড় ধরনের দাবানলের কারণে হাজারো স্থানীয় বাসিন্দা ও পর্যটককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল। উচ্চ অগ্নিঝুঁকির দিনগুলোতে বারবিকিউ জ্বালানোসহ আগুনের স্ফুলিঙ্গ তৈরি করতে পারে এমন সব ধরনের কর্মকাণ্ডের ওপর গ্রিক কর্তৃপক্ষ কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din