Facebook Twitter Instagram YouTube

ফরিদপুরের ভাঙ্গায় বাসচাপায় ৫ জনের মৃত্যু, গাড়িতে অগ্নিসংযোগ


প্রকাশের সময় : জুলাই ১২, ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ণ /
ফরিদপুরের ভাঙ্গায় বাসচাপায় ৫ জনের মৃত্যু, গাড়িতে অগ্নিসংযোগ

ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী নড়াইল এক্সপ্রেস বাসের নিচে চাপা পড়ে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। শনিবার (১১ জুলাই) রাত ৮টার দিকে ভাঙ্গা উপজেলার সোয়াদি এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, রাত পৌনে ৮টার দিকে মহাসড়কের ওপর ডিমবোঝাই একটি পিকআপ ভ্যান উল্টে যায়। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা সড়কে ছড়িয়ে পড়া ডিম সংগ্রহের জন্য ভিড় করেন। ঠিক সেই মুহূর্তে দ্রুতগতির নড়াইল এক্সপ্রেস বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই অনেকে পিষ্ট হয়ে হতাহত হন।

ভাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আবু জাফর জানান, ডিমভর্তি গাড়িটি উদ্ধারে এলাকাবাসী এগিয়ে এলে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসটি তাদের চাপা দেয়। তবে নিহতের সঠিক সংখ্যা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা উত্তেজিত হয়ে বাসটি আটক করে তাতে আগুন ধরিয়ে দেয়। এ সময় আরও অন্তত ছয়টি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে।

এ বিষয়ে ওসি হেলাল উদ্দিন বলেন, প্রাথমিকভাবে পাঁচজনের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে। বর্তমানে নিহতদের পরিচয় শনাক্ত এবং দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ চলছে। তিনি আরও জানান, ঘটনাস্থলে পরিস্থিতি উত্তপ্ত রয়েছে এবং উদ্ধার অভিযান চলমান থাকায় নিহতের সংখ্যা বাড়তে পারে।