
ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন যে, বিএনপি সরকার আওয়ামী লীগের মতোই ভোট ইঞ্জিনিয়ারিংয়ের নীলনকশা শুরু করেছে। সোমবার বিকেলে চুয়াডাঙ্গা বড়বাজার চৌরাস্তার মোড়ে এনসিপি জেলা শাখার আয়োজনে ‘দেশ গড়তে জুলাই জাগরণ পথসভা’য় তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে জনগণের ভোট ইঞ্জিনিয়ারিং করে হরণ করেছিল। তিনি আরও অভিযোগ করেন, জনগণ যাদের রেড কার্ড দেখিয়েছে, বিএনপি ক্ষমতায় এসে তাদেরই বিভিন্ন দপ্তরের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে। এ সময় তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, আপনারা আর কোনো রাজনৈতিক দলের তাঁবেদার হবেন না।
উক্ত পথসভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক খাজা আমিরুল বাসার বিপ্লব। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু এমপি, যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসুম এমপি, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জোনায়েদ, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার এবং যুগ্ম সদস্যসচিব মোল্লা মোহাম্মদ ফারুক এহসান। পথসভায় চুয়াডাঙ্গা জেলা শাখার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।
আপনার মতামত লিখুন :