Facebook Twitter Instagram YouTube

আশিয়ান গ্রুপ চেয়ারম্যানের বিরুদ্ধে অভিনেত্রী স্নিগ্ধার হত্যাচেষ্টার অভিযোগ


প্রকাশের সময় : জুলাই ২৮, ২০২৬, ৬:৪৭ পূর্বাহ্ণ /
আশিয়ান গ্রুপ চেয়ারম্যানের বিরুদ্ধে অভিনেত্রী স্নিগ্ধার হত্যাচেষ্টার অভিযোগ

বিজ্ঞাপনচিত্রে কাজের চুক্তির কথা বলে ডেকে নিয়ে শারীরিক নির্যাতন, শ্লীলতাহানি ও হত্যাচেষ্টার অভিযোগ করেছেন মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরী (ইসরাত জাহান)। আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম ভূঁইয়ার বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন তিনি। এ ঘটনায় গত রোববার রাতে রাজধানীর খিলক্ষেত থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এই অভিনেত্রী।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিজ্ঞাপনচিত্রের চুক্তি চূড়ান্ত করার কথা বলে স্নিগ্ধা চৌধুরীকে খিলক্ষেতে অবস্থিত আশিয়ান মেডিকেল কলেজের কার্যালয়ে ডাকা হয়। সেখানে পৌঁছানোর পর তাকে অন্য একজন নারী ভেবে ভুলবশত মারধর করা হয়। স্নিগ্ধার দাবি, আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম ভূঁইয়া একপর্যায়ে তার দিকে শটগান তাক করেন। এরপর তার হাত-পা বেঁধে, গলা চেপে ধরে কাঠের লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। এ সময় তার চুল ধরেও টানাহেঁচড়া করা হয় বলে তিনি অভিযোগ করেন।

নির্যাতনের কারণ জানতে চাইলে তাকে ‘জেবা টাকিয়া’ নামের এক নারী হিসেবে সন্দেহ করে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। অভিনেত্রী বারবার নিজের সঠিক পরিচয় দিলেও অভিযুক্তরা তা বিশ্বাস করতে রাজি হননি। লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, স্নিগ্ধার মুখ চেপে ধরে জোরপূর্বক নেশাজাতীয় দ্রব্য পান করানো হয়। পরবর্তীতে রাত সাড়ে ১১টার দিকে অভিযুক্ত ব্যক্তি অন্য কক্ষে গেলে সুযোগ বুঝে তিনি সেখান থেকে পালিয়ে আসেন। এরপর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন স্নিগ্ধা।

এদিকে সোমবার বিকেলে রাজধানীর বনানীতে নিজের বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঘটনার বিস্তারিত গণমাধ্যমের সামনে তুলে ধরেন স্নিগ্ধা চৌধুরী। সাংবাদিকদের কাছে নির্যাতনের ভয়াবহ বর্ণনা দিয়ে তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh