
জুলাই গণ-অভ্যুত্থানে ভূমিকা এবং অন্যান্য অভিযোগে সাবেক দুই প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ ও মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেসব অভিযোগ জমা পড়েছে, তা তদন্ত সংস্থায় পাঠানো হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার এস এম মইনুল করিম মানবজমিনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রাইব্যুনালে আসা অভিযোগগুলো তদন্ত সংস্থার কাছে পাঠানোর প্রক্রিয়া চলছে। সংস্থাটি এসব অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
এদিকে, একই দিনে হাইকোর্টের অ্যানেক্স ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির সাবেক প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন। তিনি দাবি করেন, দেশের বৃহত্তম বেসরকারি ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-র নিয়ন্ত্রণ গ্রহণের ঘটনায় সাবেক প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনের সংশ্লিষ্টতার দায় তিনি কোনোভাবেই এড়াতে পারেন না।
শিশির মনিরের ভাষ্যমতে, হাইকোর্টে দাখিল করা তদন্ত প্রতিবেদনে জেএমসি বিল্ডার্সের মাধ্যমে ইসলামী ব্যাংকের শেয়ার নিয়ন্ত্রণ এবং এস আলম গ্রুপের স্বার্থ রক্ষায় মো. সাহাবুদ্দিনের সক্রিয় ভূমিকার তথ্য উঠে এসেছে। তিনি আরও মন্তব্য করেন যে, আইন অনুযায়ী এ ধরনের কর্মকাণ্ডের ক্ষেত্রে প্রেসিডেন্টের কোনো ধরনের দায়মুক্তির সুযোগ নেই।
আপনার মতামত লিখুন :