
ভারতের মোদি সরকারের বিরুদ্ধে টানা কয়েক সপ্তাহের বিক্ষোভের পর ফের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে তরুণদের সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজিপি)। সংগঠনটি জানিয়েছে, আন্দোলনকারীদের মুক্তি দেওয়া না হলে এবং আইনি পদক্ষেপ বন্ধ না করলে মঙ্গলবার থেকে তারা পুনরায় কঠোর কর্মসূচি শুরু করবে।
এর আগে, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর দিল্লির যন্তর মন্তরে ৩৭ দিন ধরে চলা অবস্থান কর্মসূচি ‘সম্মানের খাতিরে’ প্রত্যাহার করেছিলেন অভিজিৎ দিপকের নেতৃত্বাধীন আন্দোলনকারীরা। তাদের প্রধান দাবিগুলোর একটি বাস্তবায়িত হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
তবে সিজেপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জীতেন্দ্র সিংয়ের কঠোর সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেন, আন্দোলনকারীদের ওপর কোনো আইনি ব্যবস্থা না নেওয়ার যে চুক্তি হয়েছিল, সরকার তা ভঙ্গ করেছে। রাঙ্কা জানান, বিহার ও বাংলা থেকে শত শত শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে এবং দিল্লির লজিস্টিক সহযোগিতাকারী স্বেচ্ছাসেবকদের আটক করা হয়েছে। এছাড়া বিভিন্ন রাজ্যে শিক্ষার্থীদের ওপর নজরদারি ও হেনস্তার খবরও পাওয়া যাচ্ছে।
সংগঠনটির পক্ষ থেকে দাবি জানানো হয়েছে, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা সকল এফআইআর অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং শিক্ষার্থীদের মুক্তি দিতে হবে। একই সঙ্গে দিল্লি পুলিশ বা বিজেপিশাসিত রাজ্যগুলোর পুলিশ যেন নতুন কোনো মামলা দায়ের না করে, সেই নিশ্চয়তা চেয়েছেন তারা। এছাড়া সরকারের সঙ্গে হওয়া লিখিত সমঝোতা এবং তা বাস্তবায়নের সময়সূচি মঙ্গলবারের মধ্যে প্রকাশ করার দাবিও জানিয়েছেন তারা। অন্যথায় রাজপথে নামা ছাড়া কোনো উপায় থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছে সিজিপি।
আপনার মতামত লিখুন :