
বগুড়া শহরের সাতমাথা এলাকায় জেলা স্কুলের সীমানা প্রাচীর ঘেঁষে নির্মাণাধীন একটি ড্রেনের মাটি খনন করার সময় ৩৩৪টি গুলি উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩০ আগস্ট) বেলা ১১টার দিকে এই গুলিগুলো উদ্ধার করা হয়। ড্রেন নির্মাণের কাজ করার সময় শ্রমিকরা মাটির নিচে ধাতব বস্তুর সন্ধান পেলে এই ঘটনাটি সামনে আসে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে বগুড়া সিটি করপোরেশনের মাস্টার ড্রেন নির্মাণের জন্য শ্রমিকরা মাটি খননের কাজ করছিলেন। একপর্যায়ে ড্রেনের দেয়ালের দক্ষিণ পাশে মাটির ভেতরে ধাতবসদৃশ কিছু একটা দেখতে পান এক শ্রমিক। বিষয়টি তিনি অন্য শ্রমিকদের জানালে সবাই মিলে মাটি সরিয়ে বেশ কিছু গুলি দেখতে পান। তাৎক্ষণিকভাবে শ্রমিকরা বিষয়টি পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে বগুড়া সদর থানার একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে গুলিগুলো উদ্ধার করে। পরে গণনা শেষে সেখানে মোট ৩৩৪টি গুলি পাওয়া যায়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ড্রেন খননের সময় শ্রমিকরা মাটির নিচ থেকে গুলিগুলো খুঁজে পান এবং পরবর্তীতে পুলিশ গিয়ে সেগুলো উদ্ধার করে। উদ্ধার হওয়া গুলিগুলোর উৎস সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এগুলো মহান মুক্তিযুদ্ধের সময়ের হতে পারে। আবার এমনও হতে পারে যে, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় কোনো থানা থেকে লুট হওয়া গুলি এগুলো। তবে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ছাড়া এ বিষয়ে নিশ্চিত করে এখনই কিছু বলা যাচ্ছে না।
ওসি আরও জানান, উদ্ধারকৃত গুলিগুলো পরীক্ষা করে সেগুলোর সঠিক সময়কাল ও উৎস নিশ্চিত করার চেষ্টা চালানো হচ্ছে। পরীক্ষা সম্পন্ন হওয়ার পর এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে। এদিকে, ব্যস্ততম এলাকায় বিপুল পরিমাণ গুলি উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মাঝে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া গুলিগুলো কীভাবে সেখানে এল, তা খতিয়ে দেখতে পুলিশ ইতিমধ্যে কাজ শুরু করেছে।
আপনার মতামত লিখুন :