Facebook Twitter Instagram YouTube

ডিএমপিতে বড় রদবদল, ৩ ডিসি ও ৫ এডিসির দায়িত্ব পরিবর্তন


প্রকাশের সময় : আগস্ট ৩০, ২০২৬, ৩:০৪ অপরাহ্ণ /
ডিএমপিতে বড় রদবদল, ৩ ডিসি ও ৫ এডিসির দায়িত্ব পরিবর্তন

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কর্মকর্তাদের দায়িত্বে বড় ধরনের রদবদল করা হয়েছে। পৃথক দুটি কার্যালয় আদেশে ডিএমপির তিনজন উপ-পুলিশ কমিশনার (ডিসি) এবং পাঁচজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে (এডিসি) নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে। রোববার (৩০ আগস্ট) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ এসব আদেশে স্বাক্ষর করেন।

প্রথম আদেশে তিন ডিসির কর্মস্থল পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. শরফুদ্দীনকে প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগে পাঠানো হয়েছে। ট্রাফিক ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আজাদ রহমানকে ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগে এবং সিটি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ নূরে আলমকে ট্রাফিক-ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

দ্বিতীয় আদেশে পাঁচজন এডিসির বদলির তথ্য জানানো হয়। এতে ডিবি মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সোনাহর আলীকে গোয়েন্দা-গুলশান বিভাগে এবং ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সাজ্জাদ হোসেনকে গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনে বদলি করা হয়েছে। এছাড়া ক্যান্টনমেন্ট জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আবির হাসানকে ডিএমপি কমিশনারের দপ্তরের স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

একই আদেশে ডিবি রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জিয়াউর রহমান চৌধুরীকে পিওএম-পূর্ব বিভাগে এবং পিওএম-পূর্ব বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. নজরুল ইসলামকে ডিবি-রমনা বিভাগের রমনা জোনাল টিমে বদলি করা হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor