
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে ‘স্লেন্ডার সানফিশ’ (Slender Sunfish) নামের একটি বিরল প্রজাতির সামুদ্রিক মাছ। মাছটির বৈজ্ঞানিক নাম রাঞ্জানিয়া লেইভিস (Ranzania laevis)। রোববার সকালে অন্যান্য সাধারণ মাছের সঙ্গে এটি জালে আটকা পড়ে এবং পরে মহিপুর মৎস্য বন্দরের শাহীন এন্টারপ্রাইজ নামক আড়তে নিয়ে আসা হয়।
প্রায় ২ কেজি ৭০০ গ্রাম ওজনের অদ্ভুত আকৃতির মাছটি দেখার জন্য স্থানীয় মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়। তবে মাছটি বিষাক্ত হতে পারে—এমন আশঙ্কায় কেউ এটি কিনতে আগ্রহ দেখাননি। জেলে সাইফুল ও আবদুর রব জানান, তারা দীর্ঘদিন ধরে সাগরে মাছ শিকার করলেও আগে কখনো এমন মাছ দেখেননি। এর গঠন ও আকৃতি অন্যান্য মাছের তুলনায় সম্পূর্ণ আলাদা হওয়ায় মাছটির পরিচয় সম্পর্কে তারা শুরুতে নিশ্চিত হতে পারেননি।
ব্লু অ্যাকশন ফান্ডের অর্থায়নে ডব্লিউসিএস ও ওয়ার্ল্ড ফিসের ‘সুস্থ সাগর’ প্রকল্পের গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান জানান, বাহ্যিক বৈশিষ্ট্য দেখে এটিকে স্লেন্ডার সানফিশ হিসেবে শনাক্ত করা সম্ভব হয়েছে। তিনি বলেন, এটি মূলত খোলা সমুদ্রের একটি মহাসাগরীয় প্রজাতি, যা অনেক সময় অনিচ্ছাকৃতভাবে জালে উঠে আসে। বঙ্গোপসাগরে এই প্রজাতির উপস্থিতি রয়েছে। তিনি আরও পরামর্শ দেন যে, এমন বিরল মাছ পাওয়া গেলে সেটির ওজন, দৈর্ঘ্য, গভীরতা ও জালে আটকা পড়ার তথ্য সংরক্ষণ করা উচিত, যা সামুদ্রিক জীববৈচিত্র্য গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এ বিষয়ে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, বঙ্গোপসাগর জীববৈচিত্র্যে অত্যন্ত সমৃদ্ধ এবং মাঝেমধ্যেই জেলেদের জালে এমন বিরল ও অল্প পরিচিত প্রজাতির মাছ ধরা পড়ে। এ ধরনের মাছ পাওয়া গেলে জেলেদের দ্রুত মৎস্য বিভাগকে জানানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, এতে প্রজাতি শনাক্তকরণ ও সংরক্ষণের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা সহজ হবে।
আপনার মতামত লিখুন :