
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় বৃহস্পতিবার রাতে ও শুক্রবার ভোরে পৃথক দুটি স্থান থেকে দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন নারুয়া ইউনিয়নের পাটকিয়াবাড়ি গ্রামের জয়নুদ্দিন শেখ (৭৫) এবং একই ইউনিয়নের বাকশাডাঙ্গী গ্রামের মোহাম্মদ আলী (৫২)।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, জয়নুদ্দিন শেখ দীর্ঘ সময় ধরে শারীরিক অসুস্থতা ও মানসিক সমস্যায় ভুগছিলেন। রোগের যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে স্বজনদের ধারণা। শুক্রবার ভোরে পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে গোয়ালঘরে খোঁজ করেন। সেখানে জয়নুদ্দিনের মেজ ছেলে হাবিবুর রহমান তাকে বাঁশের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করা হয়। খবর পেয়ে বালিয়াকান্দি থানার এসআই সুকদেব ঘটনাস্থলে পৌঁছে আইনি প্রক্রিয়া সম্পন্ন করেন।
অপরদিকে, বৃহস্পতিবার সন্ধ্যায় পারিবারিক কলহ ও পাট ধোয়া নিয়ে স্ত্রী মঞ্জিলা খাতুনের সঙ্গে মোহাম্মদ আলীর বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে স্ত্রী ঘর থেকে বের হয়ে গেলে অভিমান করে মোহাম্মদ আলী নিজ ঘরের ভেতর বাঁশের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। কিছুক্ষণ পর স্ত্রী মঞ্জিলা খাতুন ঘরে ফিরে দরজা বন্ধ দেখে সন্দেহবশত জানালা দিয়ে উঁকি দিয়ে স্বামীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে রশি কেটে মরদেহটি নিচে নামান। পরে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন বালিয়াকান্দি থানার এসআই আকবর আলী ভূঁইয়া।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রব তালুকদার জানান, প্রাথমিক তদন্তে ঘটনা দুটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
আপনার মতামত লিখুন :