Facebook Twitter Instagram YouTube

মির্জা ফখরুলকে সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ নেতৃত্বের অভিনন্দন


প্রকাশের সময় : সেপ্টেম্বর ৪, ২০২৬, ৪:৩২ অপরাহ্ণ /
মির্জা ফখরুলকে সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ নেতৃত্বের অভিনন্দন

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়া এবং দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। সংযুক্ত আরব আমিরাতের দূতাবাসের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এই অভিনন্দন বার্তার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আমিরাতের প্রেসিডেন্ট তার বার্তায় রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানিয়েছেন। তিনি রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও শান্তি কামনা করার পাশাপাশি বাংলাদেশ সরকার ও জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি প্রত্যাশা করেছেন।

একই উপলক্ষে পৃথক অভিনন্দন বার্তায় বাংলাদেশের রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট, উপ-প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্সিয়াল কোর্টের চেয়ারম্যান শেখ মনসুর বিন জায়েদ আল নাহিয়ানও বাংলাদেশের রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন।

সংযুক্ত আরব আমিরাত দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে। বর্তমানে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, বিমান চলাচল, জনশক্তি এবং জনগণের পারস্পরিক যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে ঘনিষ্ঠ দ্বিপক্ষীয় সম্পর্ক বিদ্যমান। উপসাগরীয় এই দেশটিতে বৃহৎ সংখ্যক বাংলাদেশি প্রবাসী বসবাস করেন, যারা দুই দেশের অর্থনৈতিক ও সামাজিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din