Facebook Twitter Instagram YouTube

সড়কে বাস পার্কিং, যানজট নিরসনে পুলিশের দায়সারা মন্তব্য


প্রকাশের সময় : সেপ্টেম্বর ৪, ২০২৬, ৬:১২ অপরাহ্ণ /
সড়কে বাস পার্কিং, যানজট নিরসনে পুলিশের দায়সারা মন্তব্য

রাজধানীর বঙ্গবাজার মোড়ে তীব্র যানজটের কবলে পড়েছিলেন তানজীর হোসাইন নামের এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। গত ৩১ আগস্ট দুপুরের সেই অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি বলেন, সড়কের দুই পাশে সারি সারি বাস দাঁড়িয়ে থাকায় চলাচলের জায়গা সংকুচিত হয়ে পড়েছিল। দায়িত্বরত এক পুলিশ সদস্যকে রাস্তায় বাস পার্কিংয়ের কারণ জানতে চাইলে তিনি উল্টো মন্তব্য করেন, ‘আমরা পারি না, আপনি একটু বাইক থেকে নাইম্যা বাসগুলো সরায়া দ্যান।’ তানজীর জানান, পুলিশের এমন গা–ছাড়া বক্তব্যে তিনি হতাশ হয়েছেন।

সরেজমিনে দেখা গেছে, বঙ্গবাজার থেকে গুলিস্তান মোড় পর্যন্ত প্রায় ৭০০ মিটার সড়কের দুই পাশ কার্যত বাসের পার্কিংয়ে পরিণত হয়েছে। শুধু বাস দাঁড় করিয়ে রাখাই নয়, এই পার্কিং নিয়ন্ত্রণে স্থানীয়ভাবে লাইনম্যানও রয়েছেন। গত ২ সেপ্টেম্বর দুপুরে মেয়র মোহাম্মদ হানিফ উড়ালসড়কের নিচে বঙ্গবাজার থেকে গুলিস্তান মোড় পর্যন্ত অন্তত ৭৪টি বাস পার্কিং অবস্থায় দেখা গেছে।

এই অব্যবস্থাপনার কারণে প্রতিদিন হাজারো পথচারী ও যাত্রী চরম ভোগান্তির শিকার হচ্ছেন। বেসরকারি সংস্থার কর্মী শাহাদাত হোসেন জানান, গুলিস্তান মোড়ে মোটরসাইকেল রেখে টয়লেটে যাওয়ার পর লাইনম্যান খাইরুল ও তার সহযোগীরা তার সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ায়। তারা টাকা দাবি করে এবং পরিচয় দেওয়ার পরও অকথ্য ভাষায় গালিগালাজ করে দাবি করে যে, এটি তাদের বাস পার্কিংয়ের জায়গা।

ফুলবাড়িয়া জাকের সুপার মার্কেটের কাপড় ব্যবসায়ী হায়দার আলী বলেন, দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ক্রেতারা যানজটের কারণে ভোগান্তিতে পড়েন। ব্যবসায়ীদের মতে, ফুলবাড়িয়া টার্মিনাল সরিয়ে নেওয়া হলে এই এলাকার যানজট অনেকটাই কমে আসবে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের (ট্রাফিক) অতিরিক্ত কমিশনার এহসানুল কামরান তানভীর স্বীকার করেন যে, বাস পার্কিংয়ের কারণেই এলাকায় যানজট সৃষ্টি হচ্ছে। তিনি জানান, আগে এটি বন্ধ করা হলেও আবার শুরু হয়েছে। তবে আগামী চার মাসের মধ্যে টার্মিনাল সরিয়ে নেওয়ার সরকারি নির্দেশ বাস্তবায়িত হলে সমস্যার সমাধান হবে বলে তিনি আশাবাদী।

উল্লেখ্য, গত ১৫ জুন ও ২৯ আগস্ট রাজধানীর যানজট কমাতে ফুলবাড়িয়া-গুলিস্তানসহ চারটি বাস টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সিদ্ধান্ত অনুযায়ী, ফুলবাড়িয়া-গুলিস্তান বাস টার্মিনাল কেরানীগঞ্জে স্থানান্তর করা হবে। এছাড়া ঝিলমিল প্রকল্পের ১৫ একর জমিতে চার মাসের মধ্যে একটি অস্থায়ী টার্মিনাল নির্মাণের সিদ্ধান্ত হয়েছে। সিটি করপোরেশন ও ট্রাফিক পুলিশের সমন্বয়ে এই কার্যক্রম বাস্তবায়নের কথা রয়েছে এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একটি দলকে ১৫ দিনের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo