
ভারতের রাজধানী দিল্লির আকাশ এখন ঘন কালো মেঘে ঢাকা। এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই রাজধানীর বিভিন্ন এলাকায় শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। বজ্রপাত, ঝোড়ো হাওয়া এবং অতি ভারী বৃষ্টির উচ্চ ঝুঁকির কারণে দিল্লিতে 'রেড অ্যালার্ট' জারি করা হয়েছে। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, জন্মাষ্টমীর উৎসবে বাইরে বের হওয়া দর্শনার্থীরা এই প্রবল বৃষ্টির কবলে পড়ে চরম ভোগান্তিতে পড়েন। বৃষ্টির তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে অনেককেই নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি করতে দেখা যায়।
ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি) শুক্রবার (৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত দিল্লির পালাম এলাকায় ৩ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। এর আগে সকাল ৮টা ৩০ মিনিট থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত নাজাফগড়ে রেকর্ড করা হয় ০ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত।
দুপুর ২টা ১৫ মিনিটে প্রকাশিত আইএমডির স্বল্পমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, বিকেল ৪টা ১৫ মিনিট পর্যন্ত বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, যার মধ্যে কোনো কোনো স্থানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত রাজধানীর অধিকাংশ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং দমকা হাওয়াসহ বজ্রপাতের আশঙ্কা রয়েছে।
পরবর্তী তিন ঘণ্টার পূর্বাভাসে আইএমডি আরও জানিয়েছে, দিল্লির অধিকাংশ এলাকায় মাঝারি বৃষ্টির পাশাপাশি দু-একটি স্থানে ৫০ থেকে ১০০ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। এসময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার থাকতে পারে, যা কোনো কোনো সময় ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার কারণে নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও যান চলাচলে বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে। পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নাগরিকদের প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে।
আপনার মতামত লিখুন :