Facebook Twitter Instagram YouTube

চাঁদপুরে ফ্ল্যাটে ডিবির অভিযান: ইয়াবাসহ ‘বাঘ শাহজাহান’ ও ২ নারী আটক


প্রকাশের সময় : জুলাই ২৫, ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ণ /
চাঁদপুরে ফ্ল্যাটে ডিবির অভিযান: ইয়াবাসহ ‘বাঘ শাহজাহান’ ও ২ নারী আটক

চাঁদপুরের একটি ফ্ল্যাট বাসায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ‘বাঘ শাহজাহান’ এবং দুই নারীসহ মোট ৩ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (২৪ জুলাই) দুপুরে শহরের মুক্তিযোদ্ধা সড়কের শহীদ মিনারের সামনের একটি চারতলা ভবনের ফ্ল্যাটে এ অভিযান চালানো হয়। অভিযানে ২০ পিস ইয়াবা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

ডিবি পুলিশ জানায়, আটককৃত বাঘ শাহজাহান চাঁদপুর শহরের জামতলা এলাকার ফজলুল হক ব্যাপারীর ছেলে। তার সঙ্গে আটক হওয়া অন্য দুই নারী হলেন হাসনা ও মিথিলা। গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘদিন ধরে ওই ফ্ল্যাটটিতে ইয়াবা বিক্রি, সেবন এবং অসামাজিক কার্যক্রম চলে আসছিল বলে পুলিশের কাছে তথ্য ছিল।

জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জিয়াউল হকের নেতৃত্বে এই অভিযানটি পরিচালিত হয়। চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, পুলিশ সুপার মিজানুর রহমানের নির্দেশনায় এ অভিযান চালানো হয়েছে। প্রাথমিক তদন্তে ফ্ল্যাটটি মাদক কেনাবেচা ও সেবনের কাজে ব্যবহারের প্রমাণ মিলেছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh