Facebook Twitter Instagram YouTube

ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হবে চট্টগ্রাম বন্দর কার্যক্রম


প্রকাশের সময় : অক্টোবর ৭, ২০২৬, ৬:৪১ অপরাহ্ণ / ০
ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হবে চট্টগ্রাম বন্দর কার্যক্রম

দেশের সমুদ্রপথে বৈদেশিক বাণিজ্যের প্রধান প্রবেশদ্বার চট্টগ্রাম বন্দরের সব কার্যক্রমকে আগামী ডিসেম্বরের মধ্যে পুরোপুরি কাগজবিহীন ও ‘স্মার্ট’ বন্দরে রূপান্তরের লক্ষ্যে ব্যাপক ডিজিটাল রূপান্তরের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক)। এই উদ্যোগের মাধ্যমে বন্দরের কার্যক্রম আধুনিকায়ন, পরিবহন ব্যয় কমানো, স্বচ্ছতা নিশ্চিত করা এবং বন্দরের প্রবেশ ও বহির্গমন পথে দীর্ঘদিনের যানজট নিরসনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামানের সভাপতিত্বে সম্প্রতি অনুষ্ঠিত অগ্রগতি পর্যালোচনা সভার পর এই পরিকল্পনা গ্রহণ করা হয়। সভায় বিদ্যমান ডিজিটাল সেবার পরিধি বাড়ানো, বিভিন্ন বিভাগের ডিজিটাল প্ল্যাটফর্মের মধ্যে সমন্বয় এবং অবশিষ্ট ম্যানুয়াল কার্যক্রম বন্ধের ওপর জোর দেওয়া হয়েছে।

তথ্য অনুযায়ী, ২০২৫ সালে চট্টগ্রাম বন্দর রেকর্ড পরিমাণ ৩৪ লাখ টিইইউ কনটেইনার, ১৩ কোটি ৮০ লাখ টন সাধারণ পণ্য এবং ৪ হাজার ২৭৩টি জাহাজ হ্যান্ডলিং করেছে। দেশের সমুদ্রপথে পরিবাহিত সাধারণ পণ্যের ৯২ শতাংশ এবং কনটেইনার ভিত্তিক বাণিজ্যের ৯৮ শতাংশ এ বন্দরের মাধ্যমে পরিচালিত হয়।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামীম জানান, আমদানিকারক, রপ্তানিকারক, শিপিং লাইন, সিঅ্যান্ডএফ এজেন্ট, ব্যাংক ও কাস্টমসসহ সংশ্লিষ্টদের সমন্বিত দক্ষতা নিশ্চিত করতে এই ডিজিটাল ব্যবস্থা প্রয়োজন। ইতোমধ্যে জাহাজের বিলের ১০০ শতাংশ অনলাইনে প্রক্রিয়াকরণ করা হচ্ছে। ওয়ান-স্টপ সার্ভিস সেন্টারের মাধ্যমে সোনালী ব্যাংক পিএলসির সঙ্গে এপিআই সংযোগ স্থাপন করা হয়েছে, যার ফলে কনটেইনার ও কনসাইনি বিলিং কার্যক্রম টার্মিনাল অপারেটিং সিস্টেমের (টিওএস) সঙ্গে যুক্ত করা হচ্ছে।

নতুন এই প্রক্রিয়ায় আমদানিকারক ও সেবাদানকারী এজেন্টরা ছুটির দিনসহ সার্বক্ষণিক অর্থ পরিশোধ করতে পারবেন। পাশাপাশি ৭২ ঘণ্টার মধ্যে বকেয়া পরিশোধ না করলে স্বয়ংক্রিয়ভাবে আদায়ের জন্য ‘অটো-পুল পেমেন্ট সিস্টেম’ চালু করা হবে। এছাড়া গত জুলাই থেকে টার্মিনাল অপারেটিং সিস্টেমের সঙ্গে জাতীয় রাজস্ব বোর্ডের অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমের সমন্বয়ের ফলে আমদানিকারকরা কাগজপত্র ছাড়াই অনলাইনে নথির অগ্রগতি অনুসরণ করতে পারছেন।

বন্দর সচিব আরও জানান, প্রবেশ ও বহির্গমন পথে যানজট কমাতে ‘টাইম স্লট ম্যানেজমেন্ট’, অনলাইন কার্ট টিকিট ও ই-গেট পাস চালু করা হচ্ছে। এছাড়া ইকুইপমেন্ট ইন্টারচেঞ্জ রিসিপ্ট (ইআইআর) ই-গেট পাসের সঙ্গে সমন্বয় করা হচ্ছে, যাতে ট্রাক প্রবেশ ও পণ্য খালাসের সময়সূচি ডিজিটাল ব্যবস্থাপনায় পরিচালিত হয়।

বন্দর কর্তৃপক্ষ বাল্ক পণ্য হ্যান্ডলিংয়েও ডিজিটাল ব্যবস্থা সম্প্রসারণ এবং নির্মাণাধীন বে-টার্মিনালে স্লটভিত্তিক ডিজিটাল পার্কিং টিকিট ব্যবস্থা চালুর পরিকল্পনা করেছে। চলতি বছরের শুরুতে চালু হওয়া ‘পোর্ট সিঙ্গেল উইন্ডো-সিপিএ স্কাই’ প্ল্যাটফর্মে একক লগইনের মাধ্যমে ডিজিটাল রাডার ও জাহাজের গতিবিধি পর্যবেক্ষণের সুবিধাও যুক্ত রয়েছে। বর্তমানে টিওএস ড্যাশবোর্ডের মাধ্যমে প্রতি মাসে ৬০ হাজার থেকে ৬৫ হাজার গেট প্রবেশ কার্যক্রম পরিচালিত হচ্ছে, যেখানে এক দিনে সর্বোচ্চ ৭ হাজার ৮০টি গেট পাস ইস্যুর রেকর্ড রয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh