
লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চররুহিতা এলাকায় শনিবার সন্ধ্যা ৬টার দিকে রিয়াদ হোসেন (১২) নামে এক শিশুকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহত রিয়াদ ওই এলাকার সিএনজিচালিত অটোরিকশাচালক শাহেদ হোসেনের ছেলে। অভিযুক্ত রুবেল হোসেন একই এলাকার দিনমজুর মো. মিলনের সন্তান।
স্থানীয় সূত্রে জানা গেছে, রুবেল রিয়াদকে সুপারি গাছে উঠতে বলেছিল। কিন্তু রিয়াদ তাতে অস্বীকৃতি জানালে রুবেল ক্ষিপ্ত হয়ে তাকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় রিয়াদকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত রুবেল পলাতক রয়েছে।
চররুহিতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন সুমন জানান, সুপারি গাছে না ওঠায় রিয়াদকে ছুরিকাঘাত করে রুবেল। তিনি আরও জানান, রুবেল মাদক সেবনের সঙ্গে জড়িত এবং তাকে আটকের জন্য স্থানীয়রা চেষ্টা চালাচ্ছেন।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত রুবেলকে আটকের জন্য পুলিশি অভিযান চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :