
রংপুরের পীরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে ইউরিয়া সার সংগ্রহ করতে গিয়ে কৃষকরা তীব্র ভোগান্তির শিকার হচ্ছেন। স্থানীয় পর্যায়ে সারের দোকানগুলোতে প্রয়োজনীয় সরবরাহ না থাকায় কৃষকদের বাধ্য হয়ে ডিলারদের পয়েন্টে ভিড় করতে হচ্ছে। সেখানেও দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও চাহিদানুযায়ী সার পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন তারা।
উপজেলার সাত নম্বর বড় আলমপুর ইউনিয়নের ডিলার মেসার্স তৃপ্তি ট্রেডার্স এবং ১২ নম্বর মিঠিপুর ইউনিয়নের সাহা ভান্ডারে সরেজমিনে কৃষকদের দীর্ঘ লাইন দেখা গেছে। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষার পর অনেক কৃষককে মাত্র এক বস্তা করে সার দেওয়া হচ্ছে।
সার সংকটের পাশাপাশি স্থানীয়দের পক্ষ থেকে অনিয়মের অভিযোগও উঠেছে। মেসার্স তৃপ্তি ট্রেডার্সের স্বত্বাধিকারী তোজাম্মেল হক দুলুর বিরুদ্ধে অভিযোগ, তিনি তার ভাতিজা মানিকের দোকানে সার সরবরাহ করে সেখান থেকে বেশি দামে বিক্রি করছেন। তবে তোজাম্মেল হক দুলু এই অভিযোগ অস্বীকার করেছেন।
সকাল থেকে সার পাওয়ার অপেক্ষায় থাকা কৃষক আব্দুল করিম জানান, চার ঘণ্টা পার হলেও এখনো সার পাননি। রবিউল প্রধান নামের আরেক কৃষক জানান, তার জমিতে চার বস্তা সার প্রয়োজন হলেও তিনি মাত্র এক বস্তা পেয়েছেন, যা ফসলের জন্য অপর্যাপ্ত।
সার সংকট প্রসঙ্গে পীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা সুমন আহমেদ জানান, বর্তমানে উপজেলায় ৪৯০ টন ইউরিয়া সার মজুত রয়েছে। চলতি মাসের বরাদ্দের ৩৫৩ টন সার উত্তোলনের কাজ চলছে এবং আগামী মাসের বরাদ্দের সারও চলতি মাসে উত্তোলনের অনুমতি দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, সার নিয়ে কোনো ধরনের সিন্ডিকেট যাতে গড়ে উঠতে না পারে, সে বিষয়ে তারা কাজ করছেন এবং পীরগঞ্জে সার নিয়ে বড় ধরনের কোনো সংকট তৈরি হবে না বলে আশা প্রকাশ করেন।
আপনার মতামত লিখুন :