
যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ কয়েকটি দেশের ওপর নতুন করে কোনো শুল্ক আরোপ করেনি বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শুক্রবার (২৪ জুলাই) সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে চা শ্রমিকদের জন্য আয়োজিত দিনব্যাপী বিনামূল্যের মেডিকেল ক্যাম্প, পরিবার পরিকল্পনা, মা ও শিশুস্বাস্থ্যসেবা এবং চক্ষু ক্যাম্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, প্রকৃতপক্ষে শুল্ক পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটেনি। যুক্তরাষ্ট্র আগে যে শুল্ক আরোপ করেছিল, তা আইনি বাধ্যবাধকতার কারণে ১৫০ দিনের মধ্যে মেয়াদোত্তীর্ণ হওয়ার কথা। সেই মেয়াদ শেষ হলে নতুন নামে একই শুল্ক কার্যকর হবে। তাই এটিকে নতুন শুল্ক আরোপ না বলে আগের শুল্কের পুনর্বহাল বলা যায়। তিনি আরো বলেন, আজ রাত ১২টার পরও আগের শুল্কই বহাল থাকবে, শুধু এর নাম ভিন্ন হবে।
উল্লেখ্য, মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশসহ কয়েকটি বাণিজ্যিক অংশীদারের ওপর ১০ থেকে ১২ দশমিক ৫ শতাংশ পর্যন্ত নতুন শুল্ক কার্যকরের প্রস্তুতি নিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার রাত ১২টা ১ মিনিট থেকে ইউরোপ, চীন, ভারত এবং বাংলাদেশের মতো দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া পণ্যের ক্ষেত্রে এ শুল্ক কার্যকর হওয়ার কথা ছিল।
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি প্রসঙ্গে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লেও এই মুহূর্তে দেশে জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বাণিজ্যমন্ত্রী বলেন, সরকার চা-বাগান এলাকায় শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন সামাজিক খাতকে গুরুত্ব দিচ্ছে। নিয়মিত মেডিকেল ক্যাম্প চালু হলে চা শ্রমিকদের চিকিৎসাসেবার জন্য আর শহরে যেতে হবে না; বাগান এলাকাতেই প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পাওয়া যাবে।
অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেনসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :