Facebook Twitter Instagram YouTube

ঢাকায় বসছে ১৬ দেশের ১৩২ ব্র্যান্ডের আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা’


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১, ২০২৬, ৩:০২ অপরাহ্ণ /
ঢাকায় বসছে ১৬ দেশের ১৩২ ব্র্যান্ডের আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা’

দেশের প্রসাধনী, ব্যক্তিগত পরিচর্যা ও সুস্থ্যতা খাতের শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনের সঙ্গে আরও নিবিড়ভাবে যুক্ত করার লক্ষ্যে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’। আগামী ৩, ৪ ও ৫ সেপ্টেম্বর রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) এর হল নং-৪ এ এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে। রিমার্ক-হারল্যান গ্রুপের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই প্রদর্শনীতে ১৬টি দেশের ৫৮টি কোম্পানি ও ১৩২টি ব্র্যান্ড অংশগ্রহণ করছে।

প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি। এছাড়া কসমেটিকস শিল্প খাতের শীর্ষ কোম্পানির কর্মকর্তা ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। তিন দিনব্যাপী এই আয়োজনে প্রদর্শনীর পাশাপাশি বিশেষজ্ঞ উপস্থাপনা, প্রশিক্ষণ সেশন, শিল্পভিত্তিক আলোচনা এবং জ্ঞানভিত্তিক কার্যক্রম পরিচালিত হবে।

দেশের শীর্ষস্থানীয় কসমেটিকস ও স্কিনকেয়ার কোম্পানি রিমার্ক এইচবি লিমিটেড এই প্রদর্শনীতে পৃষ্ঠপোষকতার পাশাপাশি নিজস্ব প্যাভিলিয়ন নিয়ে অংশ নেবে। সেখানে কোম্পানিটি বাংলাদেশে উৎপাদিত পণ্য, উৎপাদন প্রক্রিয়া, প্যাকেজিং এবং তাদের প্রযুক্তিগত সক্ষমতা তুলে ধরবে। এছাড়া রিমার্কের অথেনটিক রিটেইল চেইনশপ হারল্যান স্টোরের সমন্বয়ে বাংলাদেশে উৎপাদিত রফতানিমুখী পণ্যগুলো প্রদর্শন করা হবে।

রিমার্কের কর্মকর্তাদের ভাষ্যমতে, বাংলাদেশের একমাত্র অথেনটিক গ্লোবাল ব্র্যান্ডের প্রসাধনী উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে তারা এই প্রদর্শনীতে অংশ নিচ্ছে। তারা তাদের প্রযুক্তিগত সক্ষমতা ও গুণগত মান নিশ্চিত করে বাংলাদেশে উৎপাদিত গ্লোবাল ব্র্যান্ডের পণ্যসমূহ প্রদর্শন করবে। বর্তমানে রিমার্কের বিভিন্ন ব্র্যান্ডের পণ্য ভারত, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, নেপাল, ওমান ও সংযুক্ত আরব আমিরাতসহ আন্তর্জাতিক বাজারে সম্প্রসারিত হচ্ছে। বিশেষ করে ভারতের উত্তর প্রদেশ ও বিহারে লিলি, নিওর ও সিওডিল ব্র্যান্ডের পণ্য বাজারজাত শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে ভারতের অন্যান্য রাজ্যেও বাজার সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

আয়োজকরা জানিয়েছেন, কসমেটিকা ঢাকা ২০২৬ কেবল একটি বাণিজ্যিক প্রদর্শনী নয়, এটি বাংলাদেশের প্রসাধনী ও ব্যক্তিগত পরিচর্যা শিল্পের জন্য একটি আন্তর্জাতিক ব্যবসায়িক যোগাযোগ, জ্ঞান বিনিময় ও প্রযুক্তি পরিচিতির প্ল্যাটফর্ম। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে এবং প্রবেশের জন্য কোনো টিকিট বা মূল্যের প্রয়োজন নেই। আগ্রহী দর্শনার্থীরা অনলাইনে অথবা সরাসরি ভেন্যুতে নিবন্ধনের মাধ্যমে এই আয়োজনে অংশ নিতে পারবেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin