আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি তার ফুটবল মাঠে অসামান্য সাফল্যের পাশাপাশি মানবিক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ প্রিন্সেস অব আস্তুরিয়াস ক্রীড়া পুরস্কারে ভূষিত হয়েছেন। স্পেনের ওভিয়েদো শহরের কাম্পোআমার থিয়েটারে এক জমকালো অনুষ্ঠানে রাজকুমারী লিওনর তার হাতে এই সম্মাননা তুলে দেন। এ সময় স্পেনের রাজা ষষ্ঠ ফেলিপে ও রানি লেতিসিয়াও উপস্থিত ছিলেন। পুরস্কার গ্রহণের মুহূর্তে থিয়েটারজুড়ে উপস্থিত অতিথিরা করতালির মাধ্যমে মেসিকে উষ্ণ অভিনন্দন জানান, যার উচ্ছ্বাস তার জন্মভূমি আর্জেন্টিনাতেও পৌঁছে যায়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরুর প্রায় ২০ মিনিট আগে, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১০ মিনিটে সরকারি গাড়িতে করে থিয়েটারে পৌঁছান মেসি। তাকে একনজর দেখতে থিয়েটারের বাইরে শত শত মানুষ ভিড় জমায়। অন্য পুরস্কারজয়ীদের পাশাপাশি মেসিকে ঘিরেই দর্শকদের বিশেষ আগ্রহ ছিল।
জুরিবোর্ড মেসিকে ‘সর্বকালের সবচেয়ে সফল ফুটবলার’ হিসেবে আখ্যায়িত করার পাশাপাশি তার সামাজিক কাজেরও ভূয়সী প্রশংসা করে। বিচারকমণ্ডলী বিশেষভাবে তার দাতব্য কর্মকাণ্ডকে স্বীকৃতি দিয়েছে। লিও মেসি ফাউন্ডেশনের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রচেষ্টা এবং জাতিসংঘের শিশু তহবিলের শুভেচ্ছাদূত হিসেবে তার ভূমিকা প্রশংসিত হয়েছে।
শুধু মাঠের সাফল্যের জন্য নয়, শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবার সুযোগ বাড়াতে তার মানবিক উদ্যোগও বিচারকদের বিবেচনায় বিশেষ গুরুত্ব পেয়েছে। গত গ্রীষ্মে দাবানলে পুড়ে যাওয়া মাদ্রিদের পার্বত্য অঞ্চলের পুনরুদ্ধারে আর্থিক সহায়তা দিয়েও মেসি তার মানবিকতার পরিচয় দিয়েছেন। জনসমক্ষে আলোচিত এসব কর্মকাণ্ডের বাইরেও তার নানা সহায়তামূলক উদ্যোগ রয়েছে, যা সাধারণ মানুষের অগোচরেই থেকে যায়। পুরস্কারটির ক্ষেত্রে এমন মানবিক অবদানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হয়েছে।
মেসি তার ফুটবল ক্যারিয়ারে চারবার চ্যাম্পিয়নস লিগ, একবার বিশ্বকাপ ও দুবার কোপা আমেরিকা জিতেছেন। এছাড়াও তিনি বিশ্ব ফুটবলের অসংখ্য রেকর্ডের মালিক। তবে এবারের পুরস্কারের মাধ্যমে ফুটবলের বাইরেও তার অবদানের স্বীকৃতি দেওয়া হলো। প্রতি বছর শিল্পকলা, বিজ্ঞান, সংস্কৃতি ও ক্রীড়াক্ষেত্রে অসামান্য অবদান রাখা ব্যক্তিদের সম্মান জানাতে এই পুরস্কার দেওয়া হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে মেসি সরাসরি আস্তুরিয়াস বিমানবন্দরে যাবেন। সেখান থেকে তিনি নিউইয়র্কের উদ্দেশে উড়ে যাবেন। পরদিন মেজর লিগ সকারে ইন্টার মায়ামির হয়ে মাঠে নামার কথা রয়েছে এই আর্জেন্টাইন তারকার।
আপনার মতামত লিখুন :