
বৈধ ভিসা এবং ভ্রমণ নথি থাকা সত্ত্বেও কোনো বিদেশি নাগরিকের ভারতে প্রবেশের কোনো সহজাত বা আইনগতভাবে বলবৎযোগ্য অধিকার নেই বলে রায় দিয়েছেন দিল্লি হাইকোর্ট। ৩০ সেপ্টেম্বর দেওয়া এক আদেশে বিচারপতি অমিত মহাজন পর্যবেক্ষণ দেন যে, জাতীয় নিরাপত্তা, ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা, জনস্বাস্থ্য এবং অন্য দেশের সঙ্গে সম্পর্কের মতো সংবেদনশীল বিষয় বিবেচনায় রাষ্ট্র যেকোনো বিদেশিকে ভারতে প্রবেশের অনুমতি নাও দিতে পারে।
আদালত স্পষ্ট করেছে যে, ভিসা প্রদান, ভারতে প্রবেশের অনুমতি এবং অভিবাসন ছাড়পত্র দেওয়া রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার অংশ। এসব সিদ্ধান্ত মূলত জাতীয় নিরাপত্তা, পররাষ্ট্রনীতি এবং প্রশাসনিক বিবেচনার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।
তুর্কমেনিস্তানের এক নারী নাগরিকের করা একটি আবেদন খারিজ করার সময় আদালত এই মন্তব্য করেন। ওই নারী ২৫ মার্চ ভারতে প্রবেশে বাধা পাওয়ার পর তার কারণ জানতে চেয়ে এবং বৈধ ব্যবসায়িক ভিসার ভিত্তিতে প্রবেশের অনুমতির আবেদন করেছিলেন। তিনি দাবি করেন, তার স্বামী ভারতে প্রবেশের অনুমতি পেলেও তাকে বাধা দেওয়া হয় এবং তুর্কমেনিস্তানে ফেরত পাঠানো হয়।
সরকারি কৌঁসুলি আদালতকে জানান, ওই নারীর বিষয়ে নেতিবাচক তথ্য পাওয়ার পর অভিবাসন কর্তৃপক্ষ তাকে প্রবেশের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নেয়। কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ওই নারী ৪৭ বার ভারতে ভ্রমণ করেছিলেন, যার বেশির ভাগই ছিল এক থেকে তিন দিনের সংক্ষিপ্ত সফর। তিনি ব্যবসায়িক ও চিকিৎসা ভিসা ব্যবহার করে যাতায়াত করলেও তার ভ্রমণের ধরন নিয়ে অভিবাসন কর্তৃপক্ষের মধ্যে উদ্বেগ ছিল।
বিচারপতি মহাজন নথিপত্র পর্যালোচনা করে দেখেন যে, ওই নারীর বাবা-মা ও স্বামীর পরিচয়সংক্রান্ত তথ্যে অসামঞ্জস্য রয়েছে। এছাড়া, ব্যবসায়িক ভিসায় ভ্রমণ করলেও তার কাছে কোনো আমন্ত্রণপত্র বা ব্যবসায়িক কার্ড ছিল না এবং তিনি নিজেকে গৃহিণী হিসেবে পরিচয় দিয়েছিলেন। এই পরিস্থিতিতে আদালত আবেদনটি খারিজ করে পুনরায় নিশ্চিত করেন যে, ভারতে প্রবেশের জন্য কোনো বিদেশি নাগরিকের এমন কোনো দাবি করার সুযোগ নেই যা আইনগতভাবে বলবৎযোগ্য হতে পারে।
আপনার মতামত লিখুন :