Facebook Twitter Instagram YouTube

দিল্লিতে ১৬ মেট্রো স্টেশন বন্ধ, জনজীবনে চরম ভোগান্তি


প্রকাশের সময় : জুলাই ২২, ২০২৬, ৫:০০ অপরাহ্ণ /
দিল্লিতে ১৬ মেট্রো স্টেশন বন্ধ, জনজীবনে চরম ভোগান্তি

ভারতের রাজধানী দিল্লিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৬টি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে দিল্লি মেট্রো রেল করপোরেশন (ডিএমআরসি)। এই সিদ্ধান্তের ফলে প্রতিদিন যাতায়াতকারী শিক্ষার্থী, অফিসগামী মানুষসহ সাধারণ যাত্রীরা চরম ভোগান্তির শিকার হয়েছেন।

বন্ধ হওয়া স্টেশনগুলোর তালিকায় রয়েছে লোক কল্যাণ মার্গ, রাজীব চৌক, প্যাটেল চৌক, রামকৃষ্ণ আশ্রম মার্গ, বারাখাম্বা রোড, সুপ্রিম কোর্ট, সেবা তীর্থ, জনপথ, মান্ডি হাউস, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, আইটিও, দিল্লি গেট, ইন্দ্রপ্রস্থ, খান মার্কেট, জোর বাগ ও শিবাজি স্টেডিয়াম। বর্তমানে এই স্টেশনগুলোতে যাত্রীদের প্রবেশ ও বের হওয়া সম্পূর্ণ বন্ধ রয়েছে। তবে সংশ্লিষ্ট রুটগুলোতে ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও ট্রেনগুলো এই স্টেশনগুলোতে থামছে না।

দিল্লিতে এই উত্তেজনার পেছনে সংসদ ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি দায়ী। কংগ্রেস, আম আদমি পার্টি (আপ) এবং সমাজবাদী পার্টিসহ বিভিন্ন বিরোধী দলের বিক্ষোভের কারণে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পাশাপাশি, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান ও উত্তরপ্রদেশের কৃষকদের আন্দোলন এবং কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদার দাবিতেও দিল্লির বিভিন্ন সীমান্তে বিক্ষোভ চলছে।

প্রাথমিকভাবে জানা গেছে, নয়াদিল্লির গুরুত্বপূর্ণ এলাকায় বিক্ষোভ ছড়িয়ে পড়া ঠেকাতে এবং বহিরাগত আন্দোলনকারীদের প্রবেশ নিয়ন্ত্রণে রাখতেই কর্তৃপক্ষ স্টেশনগুলো বন্ধ রাখার এই সিদ্ধান্ত নিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকারি ভবন, প্রশাসনিক এলাকা এবং সংবেদনশীল স্থানগুলোতে পুলিশ ও আধাসামরিক বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি পর্যালোচনা করে ধাপে ধাপে বন্ধ থাকা স্টেশনগুলো খুলে দেওয়া হবে। যাত্রীদের প্রয়োজন ছাড়া ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে এবং যাত্রার আগে মেট্রো পরিষেবার সর্বশেষ তথ্য যাচাই করে নিতে অনুরোধ জানানো হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin