Facebook Twitter Instagram YouTube

গণতন্ত্র শক্তিশালী হলেই অসাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত হবে: নাহিদ ইসলাম


প্রকাশের সময় : আগস্ট ১, ২০২৬, ৯:৩৮ অপরাহ্ণ /
গণতন্ত্র শক্তিশালী হলেই অসাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত হবে: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানে বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক যে সমাজের স্বপ্ন দেখা হয়েছিল, তা এখনো ধারণ করেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। শনিবার রাজধানীর ডিআরইউ মিলনায়তনে 'সম্প্রীতির জুলাই: জুলাই গণঅভ্যুত্থানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের অবদান' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, আন্দোলনের শুরু থেকেই এর অসাম্প্রদায়িক চরিত্র ছিল এবং সকল ধর্মের মানুষ এতে সক্রিয় অংশগ্রহণ করেছে। গণঅভ্যুত্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের অন্তত ৯ জন শহীদ হয়েছেন বলেও তিনি উল্লেখ করেন। তিনি অভিযোগ করেন, বিগত ফ্যাসিস্ট সরকার সবসময় সংখ্যালঘু সম্প্রদায়কে রাজনৈতিক কার্ড হিসেবে ব্যবহার করেছে। আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষতার নামে নিজেদের অসাম্প্রদায়িক এবং অন্যদের সাম্প্রদায়িক হিসেবে প্রমাণের চেষ্টা করত এবং ভোটের আগে এই কৌশল অনুসরণ করত। এবারের নির্বাচনেও কাছাকাছি প্যাটার্ন দেখা গেছে বলে তিনি মন্তব্য করেন।

সংখ্যালঘু সম্প্রদায়কে কোনো একটি দলের পকেটে না থেকে সব দলের সঙ্গে সম্পর্ক উন্নয়নের পরামর্শ দিয়ে নাহিদ ইসলাম বলেন, কোনো নির্দিষ্ট দলের আশ্রয়ে থাকলে সেই দলের সব অপরাধের দায়ভারও সংখ্যালঘু সম্প্রদায়কে নিতে হয়। তিনি আরও বলেন, জুলাইয়ের পর মাদ্রাসার শিক্ষার্থীরা মন্দির পাহারা দিয়েছে, যা সম্প্রীতির এক অনন্য উদাহরণ। তবে তিনি এমন পরিস্থিতির অবসান চান যেখানে মন্দির পাহারা দেওয়ার প্রয়োজন পড়ে। সরকারের প্রতি তার আহ্বান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের দাবিগুলোকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা এবং গুম, খুন ও জমি দখলের মতো সব ঘটনার বিচার করা।

গণতন্ত্র শক্তিশালী হলে অসাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত হবে উল্লেখ করে তিনি বলেন, সবার অধিকার নিশ্চিতের জন্য প্রাতিষ্ঠানিক সংস্কারে জোর দেওয়া হয়েছে। বর্তমান পরিস্থিতিতে ভয়ের পরিবেশ ফিরে আসছে বলে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, জাতীয় ঐক্যের ভিত্তি হওয়া উচিত ছিল সংস্কার বাস্তবায়ন এবং বিচার ব্যবস্থার প্রতি প্রতিশ্রুতি। এনসিপির যুগ্ম সদস্যসচিব প্রীতম দাশের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বাংলাদেশ বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয় মহাথের, সেন্ট মেরি ক্যাথেড্রালের পরিচালক ফাদার এলবার্ট টমাস রোজারিও, এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার ও আলী আহসান জুনায়েদসহ বিভিন্ন সম্প্রদায়ের নেতারা উপস্থিত ছিলেন।

আজ শনিবার (১ আগস্ট) জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর ডিআরইউ মিলনায়তনে 'সম্প্রীতির জুলাই: জুলাই গণঅভ্যুত্থানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের অবদান' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন নাহিদ।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh