Facebook Twitter Instagram YouTube

ঢাকার বাতাসে আবারও বেড়েছে দূষণ, স্বাস্থ্যঝুঁকিতে নগরবাসী


প্রকাশের সময় : জুলাই ২৯, ২০২৬, ১১:০০ পূর্বাহ্ণ /
ঢাকার বাতাসে আবারও বেড়েছে দূষণ, স্বাস্থ্যঝুঁকিতে নগরবাসী

রাজধানী ঢাকার বায়ুদূষণ আবারও বেড়েছে। বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সর্বশেষ র‍্যাঙ্কিং অনুযায়ী, আজ বুধবার (২৯ জুলাই) সকালে ঢাকার বাতাস ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ পর্যায়ে পৌঁছেছে। এই পরিস্থিতির ফলে শিশু, বয়স্ক এবং শারীরিকভাবে ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের স্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আইকিউএয়ারের সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত সময়ের রেকর্ডে দেখা যায়, বিশ্বে সর্বোচ্চ দূষিত শহরের তালিকায় ঢাকা ৫ম অবস্থানে রয়েছে। এ সময় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ১১৩। রিয়েল-টাইম একিউআই স্টেশন র‍্যাঙ্কিং অনুযায়ী, ঢাকার ধানমন্ডি এলাকার বাতাস সবচেয়ে দূষিত অবস্থায় রয়েছে, যার স্কোর ১৫৩—যা সবার জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত।

তালিকায় থাকা ঢাকার অন্যান্য এলাকার মধ্যে রয়েছে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস), পুরান ঢাকার বেচারাম দেউড়ি, গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল, বারিধারা পার্ক রোড, বারিধারা লেকসাইড, গুলশান লেক পার্ক, গুলশানের বেজ এজওয়াটার আউটডোর, গোড়ান এবং গুলশান ২-এর রব ভবন এলাকা।

আইকিউএয়ারের তথ্যমতে, বর্তমানে বিশ্বে সবচেয়ে বেশি বায়ুদূষণ হচ্ছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসায়, যার স্কোর ১৬৭। শহরটির বাতাস সবার জন্য অস্বাস্থ্যকর। শীর্ষ পাঁচে থাকা অন্য শহরগুলোর মধ্যে ইন্দোনেশিয়ার জাকার্তা (১৬৫, সবার জন্য অস্বাস্থ্যকর), সংযুক্ত আরব আমিরাতের দুবাই (১৫৩, সবার জন্য অস্বাস্থ্যকর) এবং পাকিস্তানের লাহোর (১৩৯, সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর) অন্যতম।

উল্লেখ্য, বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ৫০-এর নিচে থাকলে বাতাস বিশুদ্ধ ধরা হয়। ৫১ থেকে ১০০ পর্যন্ত সহনীয়, ১০১ থেকে ১৫০ সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ সবার জন্য অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ খুব অস্বাস্থ্যকর এবং ৩০০-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ হিসেবে গণ্য করা হয়।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor