Facebook Twitter Instagram YouTube

পর্যটক আকর্ষণে দুবাইয়ের বাসিন্দাদের জন্য বিশেষ পুরস্কারের ঘোষণা


প্রকাশের সময় : জুলাই ২৪, ২০২৬, ২:৪৯ অপরাহ্ণ /
পর্যটক আকর্ষণে দুবাইয়ের বাসিন্দাদের জন্য বিশেষ পুরস্কারের ঘোষণা

যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র দুবাইয়ে আন্তর্জাতিক পর্যটকদের আগমন উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় এবং পর্যটন খাতকে পুনরায় চাঙ্গা করতে দুবাই সরকার একটি ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে। এর আওতায় আমিরাতের বাসিন্দারা যদি তাদের বিদেশি বন্ধু বা স্বজনদের দুবাই ভ্রমণে উৎসাহিত করতে পারেন, তবে তাদেরকে উপহার হিসেবে ৩ হাজার সংযুক্ত আরব আমিরাত দিরহাম—যা প্রায় ৮৫ হাজার টাকার বেশি বা ৬১০ পাউন্ডের সমতুল্য—মূল্যের সুবিধা দেওয়া হবে।

দুবাইয়ের অর্থনীতি ও পর্যটন বিভাগের অধীন ‘দুবাই ইনভাইট’ শীর্ষক এই নতুন প্রকল্পটি চালু করা হয়েছে। সংস্থাটির ‘ভিজিট দুবাই’ ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বাসিন্দারা তাদের বিদেশি বন্ধু ও স্বজনদের নাম মনোনীত করতে পারবেন। মনোনীত অতিথিরা দুবাই সফর করলে সংশ্লিষ্ট বাসিন্দারা বিনামূল্যে হোটেলে থাকা, রেস্তোরাঁয় খাওয়া এবং বিভিন্ন আকর্ষণীয় স্থানে প্রবেশের টিকিটসহ বিশেষ ‘বেনিফিট প্যাকেজ’ গ্রহণ করতে পারবেন। এই সুবিধা পাওয়ার জন্য কিছু শর্তারোপ করা হয়েছে। একজন বাসিন্দা সর্বোচ্চ তিনটি প্যাকেজ পাওয়ার যোগ্য হবেন। মনোনীত পর্যটকদের অবশ্যই অ-আমিরাতি হতে হবে এবং বৈধ পর্যটন ভিসা নিয়ে ৩১ অক্টোবরের মধ্যে দুবাই পৌঁছাতে হবে। প্রাপ্ত উপহারের সুবিধাগুলো ডিসেম্বর পর্যন্ত ব্যবহার করা যাবে এবং একজন পর্যটককে কেবল একবারই মনোনীত করা সম্ভব।

ইরান ও ইসরাইলের মধ্যকার সংঘাত পুরো উপসাগরীয় অঞ্চলে ছড়িয়ে পড়ায় সংযুক্ত আরব আমিরাতের পর্যটন খাত মারাত্মক মন্দার কবলে পড়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরান কর্তৃক দুবাইয়ের ফায়ারমন্ট হোটেল এবং আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর থেকে বিলাসিতা ও নিরাপত্তার কেন্দ্র হিসেবে দুবাইয়ের ভাবমূর্তিতে বড় ধাক্কা লাগে। ২০১৫ সালে রেকর্ড ২ কোটি পর্যটক এলেও, বর্তমানে ক্ষেপণাস্ত্রের ঝুঁকি এবং ফ্লাইট রুট পরিবর্তনের কারণে বিমান চলাচল অর্ধেকে নেমে এসেছে।

পরিস্থিতি সামাল দিতে গিয়ে শহরের ব্যবসায়িক আয়ে ৫০ শতাংশের বেশি ধস নেমেছে। অনেক হোটেল বর্তমানে খালি পড়ে থাকায় বিখ্যাত ‘বুর্জ আল আরব’ হোটেলটি সংস্কারের জন্য ১৮ মাসের জন্য বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। সংকট উত্তরণে অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান ও হোটেলগুলো সরকারের এই উদ্যোগের সাথে তাল মিলিয়ে ৪৫ শতাংশ পর্যন্ত ছাড় এবং বিনামূল্যে অতিরিক্ত রাত থাকার সুবিধা দিচ্ছে। স্থানীয় গণমাধ্যমের তথ্যমতে, ‘দুবাই ইনভাইট’ প্রকল্পটি চালু হওয়ার প্রথম ৪৮ ঘণ্টার মধ্যেই ১০ হাজারের বেশি আবেদন জমা পড়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh