
জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টায় জাতীয় সংসদে ভারপ্রাপ্ত স্পিকারের কার্যালয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।
এর আগে, সোমবার ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত একটি চিঠি সংসদ সচিবের কাছে পাঠানো হয়েছিল। চিঠিতে উল্লেখ করা হয় যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গত ২৪ জুলাই স্বীয় পদ থেকে পদত্যাগ করেছেন।
সংবিধানের ১২৩ অনুচ্ছেদের দফা ২-এর বিধান অনুযায়ী, রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগের কারণে উক্ত পদ শূন্য হওয়ার নব্বই দিনের মধ্যে নতুন নির্বাচন অনুষ্ঠান করতে হবে। এছাড়া রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ৫ ধারার (২) ও (৩) উপ-ধারার বিধান অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য স্পিকারের সঙ্গে আলোচনার মাধ্যমে নির্বাচন কমিশনকে সরকারি গেজেটে প্রজ্ঞাপন জারির মাধ্যমে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে।
এই সাংবিধানিক ও আইনি বাধ্যবাধকতার অংশ হিসেবে, মাননীয় স্পিকারের নির্ধারিত সুবিধাজনক তারিখ ও সময়ে প্রধান নির্বাচন কমিশনারের সাক্ষাতের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চিঠিতে সবিশেষ অনুরোধ জানানো হয়েছিল।
আপনার মতামত লিখুন :