
বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুরকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৮ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-২ এর বিচারক আয়েশা নাসরিন এ রায় ঘোষণা করেন। দুদকের প্রসিকিউটর আবুল কালাম আজাদ সাজার বিষয়টি নিশ্চিত করেছেন। রায় ঘোষণার সময় আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয় এবং সাজার পরোয়ানা দিয়ে তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়েছে।
মামলার বিবরণ অনুযায়ী, এসকে সুরের বিরুদ্ধে জ্ঞাত আয়ের বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ ওঠে। এরপর দুদক তার নিজের ও তার ওপর নির্ভরশীল ব্যক্তিদের স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা এবং আয়ের উৎসের বিস্তারিত বিবরণ চেয়ে নোটিশ জারি করে। তিনি ২০২৪ সালের ২৭ অক্টোবর সম্পদ বিবরণী ফরম গ্রহণ করলেও, আদেশ প্রাপ্তির ২১ কার্যদিবসের মধ্যে তা দাখিল করেননি।
এই ব্যর্থতার দায়ে ওই বছরের ২৩ ডিসেম্বর দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন বাদী হয়ে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ধারায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে গত বছরের ২৫ আগস্ট দুদক অভিযোগপত্র দাখিল করে এবং ৬ নভেম্বর আদালত অভিযোগ গঠন করেন। বিচারিক প্রক্রিয়ায় আদালত সাতজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেছেন।
উল্লেখ্য, ২০২৫ সালের ১৪ জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে এস কে সুরকে গ্রেফতার করে দুদক। সেই থেকে তিনি কারাগারে রয়েছেন। গত ১৫ জুলাই রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের জন্য আজকের দিন নির্ধারণ করেছিলেন।
আপনার মতামত লিখুন :