
নিরাপদ সড়ক নিশ্চিত করার লক্ষ্যে দেশের সব গণপরিবহনে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস সংযোজন এবং তা সচল রাখা বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আগামী ১ আগস্ট থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে।
মঙ্গলবার (২৮ জুলাই) প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে বিআরটিএ জানিয়েছে, ১ আগস্ট থেকে যে কোনো নতুন যানবাহনের রেজিস্ট্রেশন এবং পুরনো গাড়ির ফিটনেস সনদ নবায়নের সময় জিপিএস সংযুক্ত থাকার প্রমাণপত্র জমা দেওয়া আবশ্যক। পাশাপাশি, মোবাইল অ্যাপের মাধ্যমে সংশ্লিষ্ট যানবাহনের জিপিএস সচল থাকার বিষয়টিও প্রদর্শন করতে হবে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের গত ১১ জুনের প্রজ্ঞাপনের আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিআরটিএ জানিয়েছে, জিপিএসের কারিগরি মানদণ্ড তাদের কার্যালয় ও ওয়েবসাইটে পাওয়া যাবে। সড়ক পরিবহন আইন ও বিধিমালা অনুযায়ী, জিপিএস সংক্রান্ত এই শর্ত পূরণ করা সাপেক্ষেই কেবল যানবাহনগুলোর রেজিস্ট্রেশন ও ফিটনেস নবায়ন সম্পন্ন হবে। এই বিধান বাস্তবায়নের ক্ষেত্রে সব পরিবহন মালিক ও তাদের প্রতিনিধিদের সহযোগিতা কামনা করেছে বিআরটিএ।
আপনার মতামত লিখুন :