
ঝালকাঠির রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক চিকিৎসকের বিরুদ্ধে রোগীকে চিকিৎসা না দিয়ে ফিরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগকারী তানভীর হাসানের দাবি, তিনি চিকিৎসককে ‘স্যার’ না ডেকে ‘ভাই’ সম্বোধন করায় ওই চিকিৎসক ক্ষুব্ধ হন এবং চিকিৎসার পরিবর্তে তাকে চলে যেতে বলেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় পর্যায়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।
ভুক্তভোগী তানভীর হাসান উপজেলার সাতুরিয়া ইউনিয়নের বোর্ড অফিস এলাকার বাসিন্দা। গত ২৬ জুলাই রোববার দুপুরে তিনি তার দুই বছর বয়সী ছেলেকে নিয়ে জরুরি বিভাগে যান। পরিবারের ভাষ্যমতে, শিশুটিকে একটি বিড়াল আঁচড় দিলে চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
অভিযোগ অনুযায়ী, জরুরি বিভাগে দায়িত্বরত ডা. মো. আরিফুল ইসলামকে সালাম দিয়ে ‘ভাই’ সম্বোধন করে শিশুর বিষয়টি জানান তানভীর। ওই সময় হাসপাতালে বিড়ালের আঁচড় বা কামড়ের টিকা না থাকায় চিকিৎসক বিকেলে আসতে বলেন। এরপর তানভীর যোগাযোগের সুবিধার জন্য চিকিৎসকের মোবাইল নম্বর চাইলে ডা. আরিফুল ইসলাম ক্ষিপ্ত হয়ে ওঠেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রোগীর স্বজন চিকিৎসককে বলছেন, ‘প্রথমে ঢুকেই আপনাকে সালাম দিলাম, এরপর ভাই বললাম। আপনি কোন গেজেটেড অফিসার যে আপনাকে ভাই বলা যাবে না?’ জবাবে চিকিৎসক বলেন, ‘আপনি চলে যান, আপনার সঙ্গে কোনো কথা বলব না।’ তানভীরের অভিযোগ, চিকিৎসক তাকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনি একজন বিসিএস ক্যাডারকে ভাই বলে ডাকেন, আবার তার ফোন নম্বর চান?’
এ বিষয়ে রাজাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল খায়ের মাহমুদ জানান, ডা. আরিফুল ইসলাম একজন দায়িত্বশীল ও কর্মঠ চিকিৎসক। তিনি দাবি করেন, ঘটনাটি মূলত ভুল বোঝাবুঝির কারণে হয়েছে। তার মতে, ভিডিওতে ‘ভাই’ বলে সম্বোধন করতে নিষেধ করার বিষয়টি স্পষ্টভাবে শোনা যায় না এবং হাসপাতালের অফিসিয়াল নম্বর দেওয়া যেতে পারত।
এদিকে, ডা. আরিফুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়েও কোনো উত্তর পাওয়া যায়নি। ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সচেতন নাগরিকরা সরকারি হাসপাতালে রোগীদের সঙ্গে পেশাদার আচরণ নিশ্চিত করার পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :