
মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটির কেন্দ্রস্থলে প্রেসিডেন্ট প্রাসাদের অদূরে বন্দুকধারীর গুলিতে একজন নিহত এবং আরও দুজন আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার জোকালো পাবলিক স্কয়ারের কাছাকাছি এই হামলার ঘটনা ঘটে, যা রাজধানীটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
মেক্সিকো সিটির নিরাপত্তাবিষয়ক সচিবালয় জানিয়েছে, এটি ছিল লক্ষ্য করে চালানো একটি হামলা। এতে ৪২ বছর বয়সী এক ব্যক্তি ঘটনাস্থলেই প্রাণ হারান। আহত দুজনের বয়স ৩৯ বছর এবং তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, হামলাকারী গুলি চালানোর পর দ্রুত মোটরসাইকেলে করে এলাকা ছেড়ে পালিয়ে যায়। তাকে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান শুরু করেছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে রাজধানীর ঐতিহাসিক সান্তো ডোমিঙ্গো চত্বরে। ঔপনিবেশিক আমলের স্থাপত্যে ঘেরা এই এলাকাটি দীর্ঘদিন ধরে জাল পরিচয়পত্র ও বিভিন্ন ধরনের ভুয়া নথি তৈরির অবৈধ কর্মকাণ্ডের জন্য পরিচিত। মেক্সিকোতে মাদক পাচারকারী চক্রগুলোর দখলে থাকা বিভিন্ন অঞ্চলে বন্দুক হামলা ও প্রাণহানির ঘটনা প্রায়ই ঘটে। তবে রাজধানী মেক্সিকো সিটির কেন্দ্রস্থলে, বিশেষ করে প্রেসিডেন্ট প্রাসাদের এত কাছাকাছি এমন হামলা তুলনামূলকভাবে বিরল।
নিরাপত্তা বিশ্লেষকদের মতে, রাজধানীতে ইউনিয়ন তেপিতো ও ফুয়ের্সা অ্যান্টি ইউনিয়নসহ কয়েকটি সড়কভিত্তিক অপরাধী গোষ্ঠী সক্রিয় থাকলেও প্রেসিডেন্ট প্রাসাদের আশপাশে এ ধরনের সহিংসতা খুব কমই দেখা যায়। তাই সর্বশেষ হামলাটি দেশটির নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলেছে।
আপনার মতামত লিখুন :