
আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত বেসরকারি উদ্যোক্তাদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এই সভার আয়োজন করেছিল।
প্রধানমন্ত্রী বলেন, দেশ ও মানুষের জন্য কাজ করাই সরকারের মূল লক্ষ্য। তিনি স্বীকার করেন যে কিছু ক্ষেত্রে সমস্যা রয়েছে, তবে সরকার ও ব্যবসায়ীরা যদি একসঙ্গে কাজ করেন, তবে সেগুলো কাটিয়ে ওঠা সম্ভব। বর্তমান অর্থনীতির চ্যালেঞ্জগুলো সরকার ও ব্যবসায়ী উভয় পক্ষই উপলব্ধি করছে এবং এসব সমস্যা সমাধানে সরকার আন্তরিক বলে তিনি আশ্বস্ত করেন।
সরকার প্রধান আরও বলেন, বর্তমান সরকারের বয়স এখনো ছয় মাস হয়নি। এই স্বল্প সময়ের মধ্যেই তিনি ব্যবসায়ীদের সঙ্গে কয়েকবার আলোচনায় বসেছেন এবং সেক্টরভিত্তিক সমস্যাগুলো নিয়ে কাজ করছেন। আগের বৈঠকের প্রসঙ্গ টেনে তিনি জানান, ব্যবসায়ীদের উত্থাপিত অনেক সমস্যার সমাধান ইতিমধ্যে হয়েছে এবং আজকের সভায় নতুন করে যেসব সমস্যা উঠে এসেছে, সেগুলো নিয়েও কাজ করা হবে।
সভায় ব্যবসা সম্প্রসারণ, বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং নতুন শিল্পায়নের পরিবেশ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। উদ্যোক্তারা সহজ শর্তে ঋণ, নীতিগত সহায়তা এবং ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন। সভায় জানানো হয়, আগের বৈঠকে আলোচিত ২৮টি সমস্যার মধ্যে ২১টি বিষয়ে ইতিমধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বাকি সাতটি প্রক্রিয়াধীন রয়েছে।
উদ্যোক্তারা সরকারের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করার পাশাপাশি চলমান কার্যক্রমের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন। সভায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, সড়ক, সেতু, রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন শিল্পগোষ্ঠীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :