
সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে প্রান্তিক ও নিম্নআয়ের পরিবারগুলোকে সামাজিক সুরক্ষার আওতায় আনতে দেশব্যাপী ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি শুরু হয়েছে। এই কর্মসূচির অংশ হিসেবে ২০২৫-২৬ অর্থবছরে সব পরিবারের তথ্য সংগ্রহের কাজ পরিচালনা করা হবে। এই গুরুত্বপূর্ণ কাজটি সম্পন্নের লক্ষ্যে ‘তথ্য সংগ্রহকারী’ বা এনুমারেটর নিয়োগের প্রক্রিয়া হাতে নিয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের ফ্যামিলি কার্ড কর্মসূচি থেকে মঙ্গলবার (২৮ জুলাই) জারি করা এক জরুরি চিঠিতে নিয়োগ পরীক্ষার বিস্তারিত সময়সূচি জানানো হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা যাচাই এবং প্রয়োজনীয় নথিপত্র পরীক্ষার জন্য আগামী ২৯ ও ৩০ জুলাই তারিখ নির্ধারণ করা হয়েছে। এর পরপরই ১ আগস্ট মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের কিছু সুনির্দিষ্ট যোগ্যতার শর্ত পূরণ করতে হবে। এর মধ্যে রয়েছে ফ্যামিলি কার্ড কর্মসূচিতে কাজ করার মানসিক আগ্রহ এবং শারীরিক সক্ষমতা। এছাড়াও ডিজিটাল পদ্ধতিতে তথ্য সংগ্রহের কাজ সঠিকভাবে পরিচালনার জন্য প্রার্থীদের স্মার্টফোন, ট্যাবলেট বা কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুল হক স্বাক্ষরিত এই চিঠিতে জেলা প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), জেলা সমাজসেবা কার্যালয় এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তাদের দ্রুততম সময়ের মধ্যে এই নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্ত তথ্য সংগ্রহকারীদের দায়িত্ব বণ্টন, প্রশিক্ষণ এবং মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের সময়সূচি পরবর্তীতে যথাযথ সময়ে জানিয়ে দেওয়া হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :