
রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের একদিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন। আজ রোববার বেলা ২টা ২৫ মিনিটে সপরিবারে তিনি বঙ্গভবন থেকে বেরিয়ে যান। সাবেক রাষ্ট্রপতির গাড়িবহর বঙ্গভবন থেকে বের হতে দেখা গেছে, যার মধ্যে রাষ্ট্রপতির গাড়িসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মোট ১৮টি গাড়ি রয়েছে। এদিন দুপুর থেকেই বঙ্গভবনের সামনে গণমাধ্যমকর্মী ও উৎসুক জনতাকে ভিড় করতে দেখা যায়। বঙ্গভবনের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতাও ছিল চোখে পড়ার মতো।
বঙ্গভবন ত্যাগের পর এখন থেকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সেখানে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন। তবে তিনি ব্যক্তিগত আবাসস্থল হিসেবে জাতীয় সংসদের স্পিকারের সরকারি বাসভবনেই থাকছেন। গত শুক্রবার বিকেলে মো. সাহাবুদ্দিন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র পাঠান। স্পিকার সংসদ ভবনের শপথকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পদত্যাগপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন এবং সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের কথা ঘোষণা করেন।
অসুস্থতার কারণ দেখিয়ে মেয়াদ শেষ হওয়ার প্রায় পৌনে দুই বছর আগেই রাষ্ট্রপতি পদ থেকে সরে দাঁড়ালেন মো. সাহাবুদ্দিন। ২০২৩ সালের ২৪ এপ্রিল আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছিলেন তিনি। ২০২৮ সালের এপ্রিলে তাঁর মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও, নির্ধারিত সময়ের প্রায় ২১ মাস আগেই তিনি বঙ্গভবন ছাড়লেন।
এদিকে, রাজধানীর গুলশানের ১২৩ নম্বর সড়কে অবস্থিত মো. সাহাবুদ্দিনের ব্যক্তিগত বাসভবনে ফিরে যাওয়ার প্রস্তুতি চলছে। বাড়িটিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং সকাল থেকেই পুলিশ ও র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে অবস্থান করছেন। বাড়িটির নিচতলার বসার জায়গা নতুন করে রং করা হয়েছে এবং আসবাবপত্র পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে। রাষ্ট্রপতি হওয়ার আগে তিনি এই বাড়ির পঞ্চম তলার ফ্ল্যাটে বসবাস করতেন।
আপনার মতামত লিখুন :