
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী সূর্য সময় বিশ্বাস এখনো ভুলতে পারেনি তার সহপাঠী ও ঘনিষ্ঠ বন্ধু মুসাব্বির মাকিনকে। গত বছরের ২৫ জুলাই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মাকিন। দুর্ঘটনার সময় তারা দুজনই একই স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। সূর্য এখন অষ্টম শ্রেণিতে উন্নীত হলেও তার আক্ষেপ, মাকিনের জীবন সপ্তম শ্রেণিতেই থেমে গেছে।
রোববার ১৯ জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিয়াবাড়ি ক্যাম্পাসে সূর্য জানায়, স্কুলে আসা-যাওয়ার পথে, ক্লাসে কিংবা খেলাধুলার সময় আজও সে বন্ধু মাকিনকে খুঁজে বেড়ায়। এমনকি জন্মদিনের স্মৃতিতেও মাকিনের অভাব তাকে গভীরভাবে স্পর্শ করে। সূর্যের ভাষায়, চোখ বুজলেই এখনো বন্ধুর আর্তনাদ শুনতে পায় সে, যা কোনোভাবেই ভোলা সম্ভব নয়।
দুর্ঘটনার সেই ভয়াবহ মুহূর্তের বর্ণনা দিতে গিয়ে সূর্য জানায়, হঠাৎ বিকট শব্দে চারপাশ আগুন ও ধোঁয়ায় ঢেকে যায়। পরে লোহার গ্রিল ভেঙে তাকে উদ্ধার করা হয়েছিল। শারীরিকভাবে অক্ষত থাকলেও সেই দিনের আতঙ্ক ও পাশের কক্ষে আটকে পড়া সহপাঠীদের আর্তনাদ এখনো তাকে তাড়া করে ফেরে। প্রিয় বন্ধুর মৃত্যুর খবর পাওয়ার পর সে অনেক কেঁদেছিল, কিন্তু শেষবারের মতো মাকিনকে আর দেখা হয়নি। এক বছর পেরিয়ে গেলেও সেই শোক ও দুঃসহ স্মৃতি এখনো তার মন থেকে মুছে যায়নি।
আপনার মতামত লিখুন :