Facebook Twitter Instagram YouTube

কুমিল্লায় তিন দিন ১২ ঘণ্টা করে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে


প্রকাশের সময় : জুলাই ২৬, ২০২৬, ৫:৩০ অপরাহ্ণ /
কুমিল্লায় তিন দিন ১২ ঘণ্টা করে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

কুমিল্লার বিভিন্ন এলাকায় গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ২৭, ২৮ ও ২৯ জুলাই গ্যাস সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। শনিবার (২৫ জুলাই) রাতে জ্বালানি খাতের নিয়ন্ত্রণ সংস্থা পেট্রোবাংলার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আওতাধীন এলাকায় পর্যায়ক্রমে এই রক্ষণাবেক্ষণ কাজ পরিচালনা করা হবে। এই সময়সূচি অনুযায়ী, আগামী সোমবার (২৭ জুলাই) কুমিল্লা শহর ও এর আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এরপর মঙ্গলবার (২৮ জুলাই) কুমিল্লা সদর দক্ষিণ, চৌয়ারা, সুয়াগাজী ও সংলগ্ন এলাকায় এবং বুধবার (২৯ জুলাই) কুমিল্লা ক্যান্টনমেন্ট, চান্দিনা ও তার আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

নির্ধারিত এই তিন দিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত টানা ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। মেরামত কাজ চলাকালে গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ আন্তরিক দুঃখ প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে, নির্ধারিত সময়ের কাজ শেষ হওয়ার পর গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor