Facebook Twitter Instagram YouTube

চট্টগ্রামে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড


প্রকাশের সময় : জুলাই ২৬, ২০২৬, ৬:৩২ অপরাহ্ণ /
চট্টগ্রামে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

চট্টগ্রাম নগরের সদরঘাট থানা এলাকায় এক শিশুকে ধর্ষণের দায়ে মো. আকতার সর্দার (২৪) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার চট্টগ্রাম মহানগরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমা এ রায় ঘোষণা করেন। রায়ে আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে, যা অনাদায়ে তাকে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। দণ্ডপ্রাপ্ত আকতার সর্দার সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার কুকড়াপর্শি এলাকার মো. সাত্তার সর্দারের ছেলে।

ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহমুদ-উল আলম চৌধুরী মারুফ জানান, অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এই রায় দিয়েছেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন এবং পরবর্তীতে সাজা পরোয়ানার ভিত্তিতে তাকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

মামলার নথি অনুযায়ী, ২০২২ সালের ২ জুলাই বিকেলে ভুক্তভোগী শিশুটির বাবা-মা কর্মস্থলে থাকার সুযোগে প্রতিবেশী আকতার সর্দার তাদের বাসায় ঢুকে শিশুটিকে ধর্ষণ করেন। ঘটনার সময় তিনি শিশুটিকে বিষয়টি কাউকে না জানানোর জন্য প্রাণনাশের হুমকি দিয়েছিলেন। ঘটনার চারদিন পর শিশুটি অসুস্থ হয়ে পড়লে মায়ের কাছে সব খুলে বলে। পরিবারের সদস্যরা আঘাতের আলামত দেখে শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করেন।

এই ঘটনায় শিশুটির বাবা মনির হোসেন সদরঘাট থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০২৩ সালের ২১ নভেম্বর তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন এবং ২০২৪ সালের ১৫ এপ্রিল আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার প্রক্রিয়া শুরু করেন। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে রোববার আদালত এই রায় ঘোষণা করেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh