Facebook Twitter Instagram YouTube

গাজী নজরুলকে বহিষ্কারের বিষয়ে স্পিকার ও সিইসিকে জামায়াতের চিঠি


প্রকাশের সময় : জুলাই ২৩, ২০২৬, ৭:৪৬ অপরাহ্ণ /
গাজী নজরুলকে বহিষ্কারের বিষয়ে স্পিকার ও সিইসিকে জামায়াতের চিঠি

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে জাতীয় সংসদের স্পিকার ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের কাছে চিঠি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই চিঠি নির্বাচন কমিশনে সিইসির দপ্তরে হস্তান্তর করেন। একই চিঠির একটি অনুলিপি স্পিকারের কাছেও পাঠানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত অভিযোগের প্রেক্ষিতে দলটির সাংগঠনিক তদন্তে গাজী নজরুলের বিরুদ্ধে নৈতিক স্খলনের প্রমাণ পাওয়া গেছে। এই পরিস্থিতির আলোকে জামায়াতের গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। গত ২২ জুলাই আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বিষয়টি অবহিত করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

তবে এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, কোনো রাজনৈতিক দলের বহিষ্কারের চিঠির ভিত্তিতে নির্বাচন কমিশনের সরাসরি কিছু করার নেই। তিনি বলেন, সংসদের স্পিকারের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হলে কমিশন আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে। তিনি আরও যোগ করেন, সংবিধানে দল থেকে বহিষ্কারের কারণে সংসদ সদস্য পদ শূন্য হওয়ার কোনো বিধান নেই; সেখানে কেবল দল থেকে পদত্যাগের বিষয়টি উল্লেখ রয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin