Facebook Twitter Instagram YouTube

গাজীপুরে গার্মেন্টসে অগ্নিকাণ্ড: ৬৯ শ্রমিককে জীবিত উদ্ধার


প্রকাশের সময় : অক্টোবর ৩, ২০২৬, ৯:৩৩ অপরাহ্ণ / ০
গাজীপুরে গার্মেন্টসে অগ্নিকাণ্ড: ৬৯ শ্রমিককে জীবিত উদ্ধার

গাজীপুর মহানগরের ডেগেরচালা এলাকায় অবস্থিত মেট্রিক্স স্টাইল গার্মেন্টসের আটতলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৩ অক্টোবর) বিকেলে ফকির মার্কেট-সংলগ্ন এই ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়।

আগুন লাগার খবর পাওয়ার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের একটি ইউনিট। আগুনের তীব্রতা বাড়তে থাকলে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়। পরবর্তীতে কোনাবাড়ী ফায়ার স্টেশনের একটি, গাজীপুর ফায়ার স্টেশনের তিনটি এবং রাজেন্দ্রপুর ফায়ার স্টেশনের দুটিসহ মোট নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজে অংশ নেয়।

ভবনে আগুন লাগার পর আতঙ্কিত শ্রমিক ও অন্যান্যরা দ্রুত নিচে নেমে আসার চেষ্টা করেন। অনেকে ভবনের ওপরের দিকে উঠে ছাদে আশ্রয় নিয়েছিলেন। ফায়ার সার্ভিসের কর্মীরা ভবনের বিভিন্ন স্থান এবং ছাদ থেকে আটকা পড়া শ্রমিকদের উদ্ধার করেন। সর্বশেষ তথ্য অনুযায়ী, এ ঘটনায় মোট ৬৯ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঢাকা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক সালেহ উদ্দিন আহমেদ জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি ভবনের ভেতরে আর কেউ আটকা পড়ে আছে কি না, তা নিশ্চিত করতে উদ্ধার অভিযান চালানো হয়েছে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin