
এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সম্মাননা জানাতে ‘এ+ সংবর্ধনা ২০২৬’ অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা মহানগর পূর্ব। রোববার সকাল ১০টায় রাজধানীর সবুজবাগের বাসাবো বৌদ্ধ মন্দির অডিটোরিয়ামে এই সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগর পূর্বের সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ইমদাদুল হক মিয়াজি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ডাকসুর ভিপি ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাদিক কায়েম। এছাড়া ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সাইদুল ইসলাম এবং কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে নূরুল ইসলাম সাদ্দাম শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নিজেদের দক্ষ ও গুণগত মানসম্পন্ন মানবসম্পদ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের নিজেদের ক্যারিয়ারকে আগামী দিনে জাতির কল্যাণে কাজে লাগাতে হবে। শুধু মেধাবী হলেই হবে না, ব্যক্তিজীবনে সৎ হতে হবে। দেশপ্রেমকে ধারণ করে আগামী বাংলাদেশকে ইনসাফের বাংলাদেশে পরিণত করতে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে।
তিনি আরও বলেন, জনতার গণভোটের গণরায়কে মেনে জুলাই সনদ পরিপূর্ণভাবে—দাঁড়ি, কমা ও সেমিকোলনসহ—বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে তিনি গুমসংক্রান্ত নীতিমালা বাতিল করে বর্তমান সরকার গুমের সঙ্গে জড়িত ব্যক্তিদের পুরস্কৃত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন। তিনি অবিলম্বে এই নীতিমালা আইনে বাস্তবায়ন এবং গুম-খুনের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। বক্তারা শিক্ষার্থীদের মেধা, নৈতিকতা ও দেশপ্রেমের সমন্বয়ে নিজেদের গড়ে তুলে ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে ঢাকা মহানগর পূর্ব ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অভিভাবক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :